আন্তর্জাতিক ফুটবল
Published : 04 Oct 2024, 04:27 PM
আন্তর্জাতিক ফুটবলের বুটজোড়া তুলে রেখেছেন কোপা আমেরিকা মিশন শেষে, কিন্তু এতদিন পর এসে ‘কড়া মাস্টার’ মার্সেলো বিয়েলসাকে নিয়ে মুখ খুললেন লুইস সুয়ারেস। উরুগুয়ের এই সাবেক তারকা ফরোয়ার্ড বললেন, বিয়েলসার কিছু আচরণ, নিয়মের কড়াকড়িতে ‘আহত’ হয়েছিলেন তারা।
সম্প্রতি ডিরেক্টটিভি শো ‘দে ফুতবল সে হাবলা আসি’-র সাথে আলাপে বিয়েলসার বিরুদ্ধে গুরুতর এক অভিযোগও তুলেছেন সুয়ারেস। বলেছেন, উরুগুয়ের খেলোয়াড়দের প্রতি এই আর্জেন্টাইন কোচের ‘শ্রদ্ধার কমতি’ আছে!
২০২৩ সালের মে মাসের মাঝামাঝি উরুগুয়ের হাল ধরেন বিয়েলসা। দায়িত্ব নিয়ে নিয়মের বেড়াজালে তিনি বন্দি করেন খেলোয়াড়দের। কমপ্লেক্সে বাইরের লোকজনের আনাগোনা, তাদের সঙ্গে ওঠা-বসা, আলাপচারিতা সব বন্ধ করে দেন। কোচের এই কড়াকড়িতে বিরূপ প্রভাব পড়েছিল বলে জানালেন সুয়ারেস।
“সেলেস্তে কমপ্লেক্সের কর্মচারীদের আমাদের অভ্যর্থনা জানানো এবং আমাদের সাথে খাওয়ার অনুমতি ছিল না। এমনকি, যে দরজা দিয়ে ঢুকতে হবে, সেখানেও সতর্ক থাকতে হতো। এটা আমার হৃদয় ভেঙে দিয়েছিল, কমপ্লেক্সের এখনকার জীবন এমনই…।”
“কোপা আমেরিকার চলাকালীন সময়ের পরিস্থিতি আহত করেছিল আমাকে, কিন্তু সহাবস্থানের খাতিরে আমি সেগুলো বলিনি। অনেক খেলোয়াড় কোচকে বলার জন্য আলোচনা করেছে, অন্তত তাদেরকে যেন শুভসকাল বলা হয়, কিন্তু তিনি হ্যালোও বলেননি।”
বিয়েলসার অধীনে অবশ্য সবশেষ কোপা আমেরিকায় একেবারে মন্দ করেনি উরুগুয়ে। কানাডাকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় হয়েছিল দলটি। তবে ওই ফল ছাড়া ওই আসরের তেতো অভিজ্ঞতা দর্শকদের সাথে ভাগাভাগি করেছেন উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেস।
“বিয়েলসা সংবাদ সম্মেলনে আসেন এবং লোকজন সম্পর্কে চমৎকার কথা বলেন। কিন্তু, নিউ ইয়র্কে এমন দিনও ছিল, যখন তিনি আমাদেরকে মানুষের সঙ্গে কথা বলার জন্য বারণ করেছিলেন এবং তখন আমি তাকে বলেছিলাম, যেকোনোভাবে আমরা মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব।”
কোপা আমেরিকা শেষে জাতীয় দলকে বিদায় বলে দেন সুয়ারেস। ১৪৩ ম্যাচে ৬৯ গোল নিয়ে জাতীয় দলের সাথে ১৭ বছরের পথচলা থামে ইন্টার মায়ামির এই ফরোয়ার্ডের। বিদায়ের সময় পরিস্থিতি বদলানোর চেষ্টা করেও বিয়েলসার কাছ থেকে সাড়া পাননি বলে জানালেন তিনি।
“গ্রুপের নেতা হিসেবে বিয়েলসার সাথে পাঁচ মিনিট আলাপ হয়েছিল আমার, এবং সবশেষে তিনি শুধু বললেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ’।”