১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জেসুসের চোখেও ইয়ামালের ব্যালন দ’র প্রাপ্য

বার্সেলোনায় অল্প কদিনেই ১৯ বছর বয়সী ফরোয়ার্ডকে কাছ থেকে দেখে মুগ্ধ গাব্রিয়েল জেসুস।

জেসুসের চোখেও ইয়ামালের ব্যালন দ’র প্রাপ্য
লামিন ইয়ামাল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 07:14 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন দ’রের এবারের সম্ভাব্য বিজয়ী হিসেবে যে কয়েকজনের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তাদের একজন লামিন ইয়ামাল। তরুণ এই স্প্যানিশ ফরোয়ার্ডের পক্ষে বাজি ধরেছেন তার নতুন ক্লাব সতীর্থ গাব্রিয়েল জেসুসও।

এবারের গ্রীষ্মের দলবদলের শেষ দিনে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন জেসুস। ইতোমধ্যে দলটির হয়ে গোলের খাতাও খুলেছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

স্প্যানিশ ক্রীড়া পত্রিকা স্পোর্তে সোমবার জেসুসের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সেখানে নানা বিষয়ে কথার ফাঁকে এবারের ব্যালন দ’র ইয়ামালের জয়ের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ, অবশ্যই। তার ফুটবল সামর্থ্য ও (গত) মৌসুমে তার পারফরম্যান্স বিবেচনায় আমার মনে হয়, তার এটা জেতার ভালো সম্ভাবনা আছে।”

গত মৌসুমে বার্সেলোনার লা লিগা জয়ের অভিযানে লিগের সেরা ফুটবলারের স্বীকৃতি পান ইয়ামাল। বিশ্বকাপে যদিও প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেননি তিনি, তারপরও স্পেনের শিরোপা জয়ে তার ছিল উল্লেখযোগ্য অবদান।

গত মৌসুমে বার্সেলোনার জার্সিতে মোট ৪৫টি ম্যাচ খেলে ২৪ গোল ও ১৮টি অ্যাসিস্ট করেন ইয়ামাল।

২০২৬ ব্যালন দ’রের লড়াইয়ে অনেকে আবার এগিয়ে রাখছেন বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমে মোট ৭৩টি গোল করা হ্যারি কেইন, রেয়াল মাদ্রিদের হয়ে মৌসুমজুড়ে ও ফ্রান্সের হয়ে বিশ্বকাপে গোলের রেকর্ড গড়া কিলিয়ান এমবাপে, স্পেনের বিশ্বকাপ জয়ের পথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া রদ্রি এবং পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উসমান দেম্বেলেকে। 

তবে জেসুসের চোখে ইয়ামালই সেরা। বার্সেলোনায় এই অল্প কদিনেই ১৯ বছর বয়সী উইঙ্গারকে কাছ থেকে দেখে মুগ্ধ তিনি।

“মাঠে সে যা কিছু করে, সাবলীলভাবে করে- সে এমনভাবে খেলে যেন সবকিছু খুব সহজ মনে হয়।

“দুর্দান্ত সব খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করার সুযোগ হয়েছে আমার, ইয়ামাল সেই পর্যায়ের একজন।” 

এবারের ব্যালন দ’র পুরস্কারজয়ীর নাম জানা যাবে আগামী ২৬ অক্টোবর লন্ডনে। গত বছর পুরস্কারটি জিতেছিলেন উসমান দেম্বেলে। ইয়ামাল হয়েছিলেন দ্বিতীয়, এমবাপে তৃতীয়।