১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ভিরৎজকে আনছে লিভারপুল

বিবিসির খবর, জার্মান অ্যাটাকিং মিডফিল্ডারকে কিনতে বায়ার লেভারকুজেনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ভিরৎজকে আনছে লিভারপুল
নতুন চ্যালেঞ্জ শুরুর অপেক্ষায় ফ্লোরিয়ান ভিরৎজ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2025, 06:41 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

মোটা অঙ্কের পারিশ্রমিকে ফ্লোরিয়ান ভিরৎজকে দলে টানতে যাচ্ছে লিভারপুল। বিবিসির খবর, জার্মান অ্যাটাকিং মিডফিল্ডারকে কিনতে তার বর্তমান ক্লাব বায়ার লেভারকুজেনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে লিভারপুলের খরচ হবে সাড়ে ১০ কোটি পাউন্ড। বিভিন্ন বোনাসসহ অঙ্কটা হতে পারে ১১ কোটি ৬০ লাখ পাউন্ড।

লিভারপুল যদি একটি নির্দিষ্ট স্তরে সাফল্য অর্জন করে, তাহলেই শুধু এই বোনাসের অর্থ দিতে হবে তাদের। সেক্ষেত্রে হতে পারে ব্রিটিশ ট্রান্সফার ফির নতুন রেকর্ড। 

প্রাথমিক ফিতে ব্রিটিশ রেকর্ডটি এখন অবধি রয়ে গেছে চেলসির, ২০২৩ সালের জানুয়ারিতে যখন বেনফিকা থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেসকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে কিনেছিল তারা। 

একই বছরের অগাস্টে ব্রাইটন থেকে একুয়েডরের মিডফিল্ডার মোইসেস কাইসেদোকে কিনতে প্রাথমিকভাবে চেলসির খরচ হয়েছিল ১০ কোটি পাউন্ড, বোনাস-সহ অঙ্কটা ১১ কোটি ৫০ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে। 

ভিরৎজকে পেতে লিভারপুলের যা খরচ হচ্ছে, সেটা অবশ্য তাদের ক্লাব রেকর্ড ট্রান্সফার ফি হতে যাচ্ছে।

এর আগে ২০২২ সালে বেনফিকা থেকে উরুগুয়ের স্ট্রাইকার দারউইন নুনেসকে পেতে প্রাথমিকভাবে লিভারপুলের খরচ হয়েছিল ৬ কোটি ৪০ লাখ পাউন্ড, বোনাস-সহ যা সম্ভাব্য ৮ কোটি ৫০ লাখ পাউন্ডে পৌঁছেছিল। ২০১৮ সালে সাউথ্যাম্পটন থেকে ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে পেতে তারা খরচ করেছিল ৭ কোটি ৫০ লাখ পাউন্ড।

ভিরৎজের প্রতি আগ্রহী ছিল ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখও। তবে ধারণা করা হচ্ছে, তার নিজের পছন্দ ছিল অ্যানফিল্ডে যাওয়া।

পেশাদার ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত শুধু লেভারকুজেনের হয়েই খেলেছেন ভিরৎজ। ১৭ বছর বয়সে মূল দলে অভিষেক হয়েছিল তার। এখন পর্যন্ত জার্মান দলটির হয়ে ১৯৭ ম্যাচে ৫৭ গোল করেছেন তিনি।

২০২৩-২৪ মৌসুমে দলটির প্রথম বুন্ডেসলিগা জয়ে তার ছিল বড় অবদান। সেবার জার্মানির শীর্ষ লিগের মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।

জার্মানির হয়ে তার অভিষেক হয় ২০২১ সালে। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৩১ ম্যাচে গোল করেছেন ৭টি।

গ্রীষ্মের দলবদলে লেভারকুজেন থেকে লিভারপুলে আসা দ্বিতীয় খেলোয়াড় হতে যাচ্ছেন ভিরৎজ। এর আগে ডাচ ডিফেন্ডার ইয়েরেমি ফ্রিমপংকে নিয়ে এসেছে ‘অল রেড’ নামে পরিচিত দলটি।

আর্না স্লটের কোচিংয়ে প্রথম মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পর স্কোয়াডের শক্তি বাড়াচ্ছে লিভারপুল।