২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

লা লিগার দ্বিতীয় ক্লাসিকোর সূচি চূড়ান্ত

দুই সপ্তাহের ব্যবধানে দুইবার মুখোমুখি হবে এই দুই দল।

লা লিগার দ্বিতীয় ক্লাসিকোর সূচি চূড়ান্ত
বার্সেলোনার রাফিনিয়ার সঙ্গে বল দখলের লড়াইয়ে রেয়াল মাদ্রিদের কামাভিঙ্গা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2025, 04:10 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

এবারের লা লিগায় ট্রফির লড়াই যেভাবে এগিয়ে চলেছে, তাতে খুব সম্ভবত আসরের দ্বিতীয় ক্লাসিকো হয়ে উঠতে পারে শিরোপা নির্ধারক। রোমাঞ্চকর এই লড়াই মাঠে গড়াবে আগামী ১১ মে।

ঘরোয়া লিগে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদের দ্বিতীয় মুখোমুখি লড়াইয়ের দিনক্ষণ সোমবার নিশ্চিত করেছে লা লিগা। কাতালান ক্লাবটির মাঠে বাংলাদেশ সময় ১১ মে রাত সোয়া আটটায় শুরু হবে ম্যাচটি। 

সাত রাউন্ড বাকি থাকতে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৭০। রেয়াল মাদ্রিদ ৬৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

সবশেষ রাউন্ডে গত শনিবার লেগানেসকে ১-০ গোলে হারায় বার্সেলোনা। পরদিন একই ব্যবধানে রেয়াল মাদ্রিদ জয় পায় আলাভেসের বিপক্ষে।

দুই সপ্তাহের ব্যবধানে দুইবার মুখোমুখি হবে রেয়াল ও বার্সেলোনা। লিগ ম্যাচটির আগে আগামী ২৬ এপ্রিল কোপা দেল রের শিরোপা লড়াইয়ে নামবে তারা।

চলতি মৌসুমে এর আগে আরও দুবার মুখোমুখি হয়েছে দল দুটি, প্রতিবারই বিপর্যস্ত হয়েছে রেয়াল মাদ্রিদ।

লা লিগায় গত ২৬ অক্টোবর রেয়াল মাদ্রিদকে তাদের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত করে বার্সেলোনা। পরে গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে কার্লো আনচেলত্তির দলকে ৫-২ গোলে গুঁড়িয়ে শিরোপা উল্লাস করে হান্সি ফ্লিকের দল।