২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসার খোঁজে সান্তোসের উষ্ণতায় নেইমার

সামনের চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করতে সান্তোসকেই আপাতত সবচেয়ে উপযুক্ত ঠিকানা মনে করেন ব্রাজিলিয়ান তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 11:15 AM

Updated : 26 Aug 2026, 11:42 AM

চেহারায় কৈশোরের ছাপ। চোখে স্বপ্ন ও রোমাঞ্চ। ১৮ নম্বর জার্সি গায়ে বদলি হিসেবে মাঠে নামছেন স্বপ্নাতুর এক ফুটবলার। ভিডিওর শুরুটা এরকমই। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছেন নেইমার। সান্তোসের হয়ে তার অভিষেক, এগিয়ে চলা, ফুটবলের পথচলায় পরে বার্সেলোনা হয়ে পিএসজি আর সৌদি আরব ঘুরে আবার শেকড়ে ফেরা, সব ফুটে উঠেছে সেই ভিডিওতে। 

পারস্পরিক সমঝোতায় আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরই নিশ্চিত হয়ে যায়, সান্তোসে ফিরছেন নেইমার। সামাজিকমাধ্যমে ওই ভিডিওতে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন ব্রাজিলিয়ান তারকা।

১১ বছর বয়সে সান্তোসের আঙিনায় পা রেখেছিলেন তিনি। ১৭ বছর বয়সে এই জার্সি গায়েই পেশাদার ফুটবলে বিচরণের শুরু। এখানে দুর্দান্ত পারফর্ম করেই তার প্রতিভার আলো ছড়িয়ে পড়ে বিশ্বময়, জায়গা করে নেন তিনি ব্রাজিল দলেও। পরে ২০১৩ সালে প্রিয় ক্লাব ছেড়ে পাড়ি জমান আরও বড় স্বপ্ন পূরণের মঞ্চে। নাম লেখান বার্সেলোনায়। প্রায় এক যুগ পর আবার সান্তাসে ফিরে একটা চক্র পূরণ হচ্ছে তার। 

সামাজিক মাধ্যমে আবেগময় ওই ভিডিওতে নিজের কণ্ঠে ধারাবর্ণনায় নেইমার বলেন, এই ক্লাব সবসময়ই তার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে ছিল। 

“মনে হচ্ছে, আমি যেন সেই সময়টায় ফিরে যাচ্ছি। পরিবার ও বন্ধুদের সঙ্গে এখানে আছি এবং তারা আমাকে সহায়তা করেছেন নতুন অধ্যায় রচনা করতে। আগামীকাল পর্যন্ত আর অপেক্ষা করতে পারছি না আমি। তারা আমার সিদ্ধান্ত এর মধ্যেই জানেন। সান্তোস ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি আমি। বিশ্বজুড়ে আমার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা।”

“এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম অনেক বছর ধরে। বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভিলা ছেড়ে যাওয়ার পর ১২টি ব্যস্ত বছর কেটেছে আমার। যদিও মনে হয়, যেন গতকালকের ঘটনা। এই ক্লাব ও সমর্থকদের প্রতি আমার অনুভূতি কখনও বদলায়নি।”

বার্সেলোনা থেকে পিএসজি হয়ে ২০২৩ সালে সৌদি ফুটবলে সাড়া জাগিয়ে তিনি যোগ দেন আল হিলালে। তবে কদিন পরই এমন ভয়াবহ চোটে পড়েন যে, তাকে মাঠের বাইরে থাকতে হয় এক বছরের বেশি সময়। শেষ পর্যন্ত দেড় বছরে আল হিলালের হয়ে স্রেফ সাতটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি, গোল করেছেন একটি।

সৌদি আরবের প্রতি অবশ্য কৃতজ্ঞতা প্রকাশে কমতি নেই ৩২ বছর বয়সী তারকার।

“সৌদি আরবে দারুণ সময় কেটেছে আমার। অবিশ্বাস্য উষ্ণতায় তারা আমাকে ও আমার পরিবারকে বরণ করে নিয়েছিল। এখানে আমি খুবই খুশি ছিলাম এবং এই স্মৃতি আমার সঙ্গে থাকবে আজীবন।”

“তবে গুরুতর এক চোটে পড়েছিলাম আমি এবং প্রত্যাশিত পথে আমাকে এগোতে দেয়নি তা। ২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের সাফল্য কামনা করি। সৌদির মানুষদের এটা প্রাপ্য এবং আমিও সেখানে থাকব।”

সৌদি আরবের সময়টুকু উপভোগ করলেও নেইমার বললেন, ক্যারিয়ারের স্বার্থে এবং চেনা রূপে ফিরতেই এখন তার আবার সান্তোসে ফেরার সময় হয়েছে। 

“তবে আমি এখন আবার খেলতে চাই। সামনের বছরগুলোর চ্যালেঞ্জ সামলাতে যে ভালোবাসার প্রয়োজন আমার, তা কেবল দিতে পারে সান্তোসোর মতো একটি ক্লাবই। আপনি যে ক্লাবেরই (সমর্থক) হোন, আপনিও জানেন যে আমি কী বোঝাতে চাচ্ছি। আশা করি, জীবনের পরের পদক্ষেপেও আপনাদের পাশে পাব। আমার সবচেয়ে কঠিন সময়েও আপনাদের সবার সমর্থনের জন্য কৃতজ্ঞতা। কঠিন সময় অনেক বেশিই ছিল।”

“জীবনে যেটা সবচেয়ে বেশি ভালোবাসি, তা হলো ফুটবল খেলতে। এটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়।”