১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ দলে নেই চিয়েসা ও এন্দো

চোট নিয়েও দলে জায়গা পেয়েছেন উগো একিতিকে ও কনর ব্র্যাডলি।

লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ দলে নেই চিয়েসা ও এন্দো
ফেদেরিকো চিয়েসা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 06:41 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বের লিভারপুল দলে জায়গা হয়নি ফেদেরিকো চিয়েসার। ইউরোপ সেরার প্রতিযোগিতার জন্য ওয়াতারু এন্দোকেও স্কোয়াডে রাখেননি অ্যানফিল্ডের ক্লাবটির নতুন কোচ আন্দোনি ইরাওলা।

ঘরের মাঠে আগামী ৯ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে লিভারপুল। লিগ পর্বের জন্য শুক্রবার নিজেদের দল ঘোষণা করেছে তারা।

লিগ পর্বে চিয়েসা কিংবা এন্দোকে খেলাতে পারবে না লিভারপুল। নিয়ম অনুযায়ী দলে পরিবর্তন আনার অনুমতি পেলেই কেবল বাইরে থাকা খেলোয়াড়দের দলে যোগ করতে পারবে তারা। সাধারণত চোটের মতো কারণে এমন পরিবর্তন করা যায়।

উয়েফার নিয়ম অনুযায়ী, লিগ পর্বের জন্য প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের ‘লিস্ট এ’ তে নিবন্ধন করতে পারে। এর মধ্যে আটটি জায়গা ‘স্থানীয়ভাবে প্রশিক্ষিত’ খেলোয়াড়দের জন্য বরাদ্দ। আবার এই আটজনের মধ্যে অন্তত চারজনকে ১৫ থেকে ২১ বছর বয়সের মধ্যে ক্লাবে তিন মৌসুম কাটাতে হবে।

এর বাইরে, বয়স ও খেলোয়াড় উন্নয়নসংক্রান্ত উয়েফার শর্ত পূরণ করা তরুণ খেলোয়াড়দের আলাদাভাবে ‘লিস্ট বি’ নিবন্ধন করা যায়। তবে চিয়েসা ও এন্দো এই তালিকায় থাকার যোগ্য নন।

২৮ বছর বয়সী চিয়েসা বদলে গ্রীষ্মে দলে যোগ দেওয়া ভিক্তর মুনিয়োসকে রেখেছেন ইরাওলা। হাঁটুর চোটে ফেব্রুয়ারি থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা কনর ব্র্যাডলিও আছেন দলে। ২০২৫ সালের সেপ্টেম্বরে এসিএল চোটে পড়া জিওভান্নি লিওনিও জায়গা পেয়েছেন।

বর্তমানে পেশির চোটে মাঠের বাইরে আছেন ইতালিয়ান ফরোয়ার্ড চিয়েসা। তবে তার দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার আশঙ্কা নেই।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র আটটি ম্যাচ খেলেন এন্দো। এর মধ্যে সাতটিতেই বদলি হিসেবে মাঠে নামেন তিনি। আর চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে মাত্র এক ম্যাচে খেলেন এই জাপানি মিডফিল্ডার।

চোটে মাঠের বাইরে থাকলেও, ফরাসি ফরোয়ার্ড উগো একিতিকেও দলে রেখেছে লিভারপুল। প্রত্যাশিতভাবেই দলে আছেন একিতিকের স্বদেশি বাহডলে বাহকোলা। সদ্য শেষ হওয়া দলবদলে পিএসজি থেকে ১২ কোটি ৩০ লাখ পাউন্ডে তাকে দলে নিয়েছে লিভারপুল।

চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে আটটি ম্যাচ খেলবে লিভারপুল। ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদ, পোর্তো, ভিয়ারেয়াল ও লঁসের বিপক্ষে খেলবে তারা। আর অ্যাওয়ে ম্যাচে এলএএসকে, ফেনেরবাচে, ক্লাব ব্রুজ ও ইন্টার মিলানের মুখোমুখি হবে দলটি।