৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘আমি তাকে চুপ করতে বলেছিলাম’, ভিনিসিউসের সঙ্গে তর্ক প্রসঙ্গে গাভি

যদিও মাঠের ওইসব ঘটনা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি বার্সেলোনা তারকা, রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের প্রশংসাও করেন তিনি।

‘আমি তাকে চুপ করতে বলেছিলাম’, ভিনিসিউসের সঙ্গে তর্ক প্রসঙ্গে গাভি
এক উত্তপ্ত মুহূর্তে প্রতিপক্ষের সঙ্গে তর্কে লিপ্ত ভিনিসিউস জুনিয়র। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 04:25 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

রেয়াল মাদ্রিদের কোনো হাইভোল্টেজ ম্যাচে প্রায় সময়ই ভিনিসিউস জুনিয়রকে প্রতিপক্ষের সঙ্গে বিতণ্ডায় জড়াতে দেখা যায়। সবশেষ ক্লাসিকোতেও হয়েছে তাই। এমন এক ঘটনার কথা আংশিক সামনে এনেছেন বার্সেলোনা মিডফিল্ডার গাভি। এই স্প্যানিশ মিডফিল্ডার জানালেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে মুখ বন্ধ করতে বলেছিলেন তিনি।

কাম্প নউয়ে রোববার রাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের ২-০ গোলে হারিয়ে লা লিগা ট্রফি উঁচিয়ে ধরেছে হান্সি ফ্লিকের দল। মার্কাস র‌্যাশফোর্ডের চমৎকার গোলে এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পর, ব্যবধান বাড়ান ফেররান তরেস।

শিরোপা লড়াই টেনে নিতে ম্যাচটি জিততেই হতো রেয়ালের; কিন্তু সাদামাটা পারফরম্যান্সে প্রতিপক্ষকে চ্যালেঞ্জই জানাতে পারেনি তারা। হতাশার কারণেই কি-না, ম্যাচে কয়েকবার মেজাজ হারাতে দেখা গেছে ভিনিসিউসকে। প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে অহেতুক তর্কে জড়ান তিনি।

তেমনই এক উত্তপ্ত মুহূর্ত নিয়ে ম্যাচের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গাভি জানান, তিনি তখন কী বলেছিলেন ভিনিসিউসকে।

“ভিনিসিউস ফুটবল-পাগল মানুষ। মাঠে যা হয়েছে, তা মাঠেই রয়ে গেছে। তার আসলে মাথা গরম, আমার মতোই। ভিনিসিউস অসাধারণ এক ফুটবলার। আমি তাকে মুখ বন্ধ রাখতে বলেছিলাম, এইতো।”  

“মাঠে যা হয়েছে, তা একরকম আর মাঠের বাইরের বিষয় ভিন্ন। মাঠে আমি আমার দলের জন্য লড়াই করি এবং আমার সর্বোচ্চটা দিই। মাঠের বাইরে আমি পুরো ভিন্ন একজন, এমনকি বাইরে থেকে দেখে তেমন মনে না হলেও।”

বিশেষ করে রেয়াল মাদ্রিদের অধারাবাহিকতার কারণে তিন রাউন্ড বাকি থাকতেই শিরোপা জিততে পারল বার্সেলোনা। ৩৫ রাউন্ড শেষে ৩০ জয় ও এক ড্রয়ে চ্যাম্পিয়নদের পয়েন্ট ৯১। ২৪ জয় ও পাঁচ ড্রয়ে ভিনিসিউসদের পয়েন্ট ৭৭।

এই নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ বার লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা। তবে, এবারই প্রথম ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরতে পারল কাতালান ক্লাবটি।