১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভূমিকম্পে আহত কিশোরকে ভিডিও বার্তা দিলেন রোনালদো

পর্তুগিজ মহাতারকা বলেছেন, সুস্থ হয়ে উঠলে ওই কিশোরকে তার ম‍্যাচ দেখতে আমন্ত্রণ জানাবেন তিনি।

ভূমিকম্পে আহত কিশোরকে ভিডিও বার্তা দিলেন রোনালদো
পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 08:44 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

ভেনেজুয়েলায় হওয়া জোড়া ভূমিকম্পে বেঁচে যাওয়া কিশোর আন্দ্রেস মিলেসকে হৃদয়স্পর্শী ভিডিও বার্তা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পরিবারের হারিয়েছেন ওই কিশোর, কাটা পড়েছে পা। সুস্থ হলে তাকে একটি ম্যাচ দেখার আমন্ত্রণ জানানোর কথা বলেছেন পর্তুগিজ মহাতারকা ।

ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে পর্তুগালের শেষ ষোলো নিশ্চিতের পর এই ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যায় ভেনেজুয়েলায় হওয়া জোড়া ভূমিকম্পে আহত মিলেসকে উৎসাহমূলক কথা বলছেন রোনালদো। পাশাপাশি তার সঙ্গে দেখা করবেন, এমন কথাও তিনি দিয়েছেন।

“হ্যালো আন্দ্রেস। কেমন আছো? তোমাকে ভালোবাসা পাঠাতে এই ভিডিও তৈরি করছি।”

“আমি জানি তুমি সুপার ফ্যান। যখন তুমি সুস্থ হয়ে উঠবে, তোমাকে আমার একটা ম্যাচ উপভোগ করতে আমন্ত্রণ জানাবো। ঠিক আছে? তোমার সঙ্গে দেখা করতে উন্মুখ হয়ে আছি। ভালোবাসা, বন্ধু।”

বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ভিডিও বার্তার পাশাপাশি নিজের স্বাক্ষর করা পর্তুগাল দলের একটি জার্সি তিনি মিলেসকে পাঠিয়েছেন।

গত মাসে ভেনেজুয়েলায় হওয়া ভূমিকম্পে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েন মিলেস। উদ্ধারকারীরা তাকে সেখান থেকে উদ্ধার করে। তাকে বাঁচানো সম্ভব হলেও তার পরিবারের আর কোন সদস্য বেঁচে নেই। মিলেসের একটি পা কেটে ফেলতে বাধ্য হয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালে থাকা মিলেস জানান তিনি সব স্টিকার হারিয়ে ফেলেছেন। তার ইচ্ছা রোনালদোর পানিনি বিশ্বকাপের স্টিকার নিজের সংগ্রহে রাখা। মুহূর্তেই তার এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং অনেকে পর্তুগিজ অধিনায়ককে ট্যাগ করতে থাকেন, যাতে বিশ্বকাপে খেলা মহাতারকার দৃষ্টিগোচর হয়।