বর্ষসেরা গোলরক্ষক উনাই সিমন
বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সে লেভ ইয়াশিন ট্রফি জিতলেন স্পেনের অভিজ্ঞ এই গোলরক্ষক।
স্পেনের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা উনাই সিমন জিতেছেন ব্যালন দ’রের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার। তিবো কোর্তোয়া, এমিলিয়ানো মার্তিনেসদের পেছনে ফেলে স্বীকৃতিটি নিজের করে নিয়েছেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী।
লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে সিমনের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।
বর্ষসেরা গোলরক্ষকের লড়াইয়ে ছিলেন মোট ১০ জন। যেখানে কেইপ ভার্ডের প্রথম বিশ্বকাপ অভিযানে দারুণ পারফরম্যান্স উপহার দেওয়া ভজিনিয়াও পান জায়গা। সবাইকে টপকে সম্মাননাটি পেলেন সিমন।
বিশ্বকাপে কেবল একটি গোল হজম করেন সিমন। সব মিলিয়ে, আথলেতিক বিলবাওয়ের এই গোলরক্ষক গত মৌসুমে ৬২ ম্যাচ খেলে জাল অক্ষত রাখেন ২২টিতে।
নারী বিভাগে সেরা গোলরক্ষকের পুরস্কার লেভ ইয়াশিন ট্রফি জিতেছেন বার্সেলোনা গোলরক্ষক কাতা কোল। ক্লাবের হয়ে গত মৌসুমে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, উইমেন’স লিগ, কোপা দে লা রেইনা ও সুপার কাপ।
