বায়ার্নে আরও এক বছর মুলার
ক্লাবের ইতিহাসের তারকা খেলোয়াড়কে আরও কিছুদিন ধরে রাখতে পেরে দারুণ খুশি বায়ার্ন সভাপতি।
বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন টমাস মুলার। নতুন চুক্তি অনুযায়ী, জার্মান ক্লাবটিতে ২০২৫ সালের জুন পর্যন্ত খেলবেন এই ফরোয়ার্ড।
বায়ার্নে মুলারের আগের চুক্তির মেয়াদ শেষ হতো আগামী গ্রীষ্মে। ক্লাবের ওয়েবসাইটে মঙ্গলবারের বিবৃতিতে তার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
ক্যারিয়ারে পুরোটা সময় এই ক্লাবেই কাটিয়েছেন মুলার। ক্লাবটির যুব দলে আলো ছড়িয়ে ২০০৮ সালে মূল দলে জায়গা করে নেন তিনি।
সেই থেকে বায়ার্নের মূল দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৬৮৪টি ম্যাচ খেলেছেন মুলার। ২৩৭টি গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৬১টি।
ক্লাবের ইতিহাসের তারকা খেলোয়াড়কে আরও কিছুদিন ধরে রাখতে পেরে খুশি ক্লাবের সভাপতি হের্বার্ট হাইনার।
“অনেক মানুষের অবদানে এই বায়ার্ন গড়ে উঠেছে আর সেখানে টমাস মুলারের মতো একজন খেলোয়াড় কখনও আসবে না।”
জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ের নায়কদের একজন মুলার। বায়ার্নের হয়েও তিনি জিতেছেন অনেক শিরোপা; ১২টি বুন্ডেসলিগা, ২টি চ্যাম্পিয়ন্স লিগ, ৬টি জার্মান কাপ, ৮টি জার্মান সুপার কাপ, ২টি উয়েফা সুপার কাপ এবং ২টি ক্লাব বিশ্বকাপ ট্রফি।
