০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

পদত‍্যাগের ঘোষণা ফেনেরবাচ কোচের

তবে ক্লাব প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, কাজ চালিয়ে যাবেন ইসমাইল কার্তাল।

পদত‍্যাগের ঘোষণা ফেনেরবাচ কোচের
ইসমাইল কার্তাল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 04:04 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

রোমার বিপক্ষে চ‍্যাম্পিয়ন্স লিগ শেষ হতে না হতেই চমক জাগানো সিদ্ধান্ত জানিয়েছেন ইসমাইল কার্তাল। বললেন, ফেনেরবাচের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে পরে ক্লাব প্রেসিডেন্ট আজিজ ইলদিরিম নিশ্চিত করেছেন, কাজ চালিয়ে যাবেন কার্তাল। 

রোমার বিপক্ষে ১-১ ড্রয়ের পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কার্তাল বলেন, তিনি ‘ক্লাবের পথ পরিষ্কার করতে বিদায় নিচ্ছেন’ এবং আর ক্লাবে ফিরবেন না। 

এই সংবাদ সম্মেলনের কয়েক মিনিট পর ইলদিরিম সাংবাদিকদের বলেন, কার্তাল নিজের কাজ চালিয়ে যাবেন। 

“ম‍্যাচ চলার সময় কিছু সমর্থক কোচের মাথায় একটি বোতল ছুঁড়ে মেরেছিল। সে এটা নিয়ে অসন্তুষ্ট। আমি মাত্রই ইসমাইল কার্তালের সঙ্গে কথা বলেছি। সে ওই বোতল কাণ্ডের কথা বলেছে এবং চাপে থাকা নিয়ে অভিযোগ করেছে।” 

সাংবাদিকরা জানতে চান, থাকার কথা কার্তাল নিজে বলেছেন কিনা। ইলদিরিমের কথায় স্পষ্ট, সেটা ৬৫ বছর বয়সী কোচ করেননি। 

“সে যে কাজ চালিয়ে যাবে এটা তার (প্রকাশ‍্যে) বলার কোনো প্রয়োজন নেই। আমি তার চেয়ে বড়। আমি তাকে কাজ চালিয়ে যেতে বলেছি, এটাই চূড়ান্ত। আমরা একটা পরিবার।” 

এক দশক ফেনেরবাচের হয়ে খেলেন কার্তাল। এ নিয়ে চতুর্থবার ফেনেরবাচের কোচ হিসেবে কাজ করছেন তিনি। 

গত পাঁচ মৌসুম ধরে তুরস্কের শীর্ষ লিগে রানার্সআপ হচ্ছে ফেনেরবাচ। চ‍্যাম্পিয়ন্স লিগে তারা ১৮ বছরের মধ‍্যে খেলছে প্রথমবার।