১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

টটেনহ্যামের অধিনায়কত্ব পেয়ে গর্বিত আর্জেন্টাইন ডিফেন্ডার

গত এক দশকে ইংলিশ ক্লাবটির তৃতীয় অধিনায়ক হলেন আর্জেন্টিনার বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী এই সেন্টার-ব্যাক।

টটেনহ্যামের অধিনায়কত্ব পেয়ে গর্বিত আর্জেন্টাইন ডিফেন্ডার
টটেনহ্যাম হটস্পারের নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো। ছবি: রোমেরোর এক্স পাতা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 06:24 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

সন হিউং-মিনের বিদায়ের পর টটেনহ্যাম হটস্পারের নতুন অধিনায়ক হিসেবে ক্রিস্তিয়ান রোমেরোকে বেছে নিয়েছেন কোচ টমাস ফ্র্যাঙ্ক। এই দায়িত্ব পেয়ে খুবই উচ্ছ্বসিত আর্জেন্টিনার বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী ডিফেন্ডার।

গত দুই মৌসুমে টটেনহ্যামের অধিনায়কত্ব করেন সন। ১৭ বছরের শিরোপা খরা কাটিয়ে গত মে মাসে তাদের ইউরোপা লিগ জয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি। ইংলিশ ক্লাবটিতে ১০ বছরের অধ্যায়ের ইতি টেনে এই মাসের শুরুতে মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলস এফসিতে পাড়ি জমান ৩৩ বছর বয়সী দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড।

সনের স্থলাভিষিক্ত হলেন রোমেরো। টটেনহ্যামের ইউরোপা লিগ জয়ী কোচ এনজ পোস্টেকোগ্লুর দুই বছরের অধ্যায়ে জেমস ম্যাডিসনের সঙ্গে সহ-অধিনায়ক ছিলেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে বুধবার সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন ২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। 

“আজ আমাদের জন্য নতুন মৌসুম শুরু হচ্ছে, যা আমার কাছে সত্যিই বিশেষ কিছু। এই সুন্দর ক্লাবের প্রথম অধিনায়ক হওয়া খুবই সম্মানের। চার বছর আগে এখানে এসেছিলাম একটি স্বপ্ন নিয়ে: ক্লাবের ইতিহাসে আমার নাম লেখানো এবং একটি ট্রফি জিতে আমার ছাপ রেখে যাওয়া, আমি তা অর্জন করেছি।”

“এখন আমাদের সামনে নতুন যাত্রা। সামনে একটি সুন্দর মৌসুম। সেই অবিস্মরণীয় দিনের (ইউরোপা লিগ জয়) আনন্দ পুনরুজ্জীবিত করার জন্য আমরা একসঙ্গে কাজ করব। যাই ঘটুক না কেন, আমি শুধু একটি জিনিসই চাই: ঐক্যবদ্ধ থাকো। উত্থান-পতন থাকবে, কিন্তু একসঙ্গে থাকলে কিছুই অসম্ভব নয়। এগিয়ে যাও স্পার্স।”

গত এক দশকে টটেনহ্যামের তৃতীয় অধিনায়ক হলেন রোমেরো। ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে আট বছর এই দায়িত্ব পালন করেন উগো লরিস। ২০২৩ সালের শেষ দিকে ক্লাব ছাড়েন এই ফরাসি গোলরক্ষক।

উয়েফা সুপার কাপের লড়াইয়ে বুধবার পিএসজির মুখোমুখি হবে টটেনহ্যাম। প্রতি বছর নতুন মৌসুমের শুরুতে আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী ও ইউরোপা লিগের চ্যাম্পিয়নের মধ্যে হয়ে থাকে এই লড়াই।

আগামী রোববার বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে টটেনহ্যাম।