‘সামনে কত কিছুই তো হতে পারে’, আর্সেনালের দিকে তাকিয়ে গুয়ার্দিওলা
ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতি লেগে নিজেদের মাঠে মিকেল আর্তেতার দলকে হারানোর লক্ষ্যও আগেভাগে জানিয়ে রাখলেন ম্যানচেস্টার সিটি কোচ।
পয়েন্ট ব্যবধান ৬, খুব বেশি নয়, কিন্তু একেবারে কমও নয়। তবে লিভারপুলের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর নিজেদের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না পেপ গুয়ার্দিওলা। ফুটবলীয় অনিশ্চয়তার প্রসঙ্গ পেড়ে লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালকে সতর্ক করলেন ম্যানচেস্টার সিটি কোচ। বললেন, মৌসুমের বাকি পথচলায় হতে পারে তো অনেক কিছুই!
ইংলিশ প্রিমিয়ার লিগে বাকি এখনও ১৩ ম্যাচ। এ মুহূর্তে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। রোববার অ্যানফিল্ডে দমিনিক সোবাসলাইয়ের গোলে পিছিয়ে পড়ার পর বের্নার্দো সিলভা ও আর্লিং হলান্ডের নৈপুণ্যে ২-১ ব্যবধানে জয়ের পর ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি।
পরের রাউন্ডে আর্সেনাল মুখোমুখি হবে ব্রেন্টফোর্ডের। সিটি খেলবে ফুলহ্যামের বিপক্ষে। এ রাউন্ডে আর্সেনালের পা হড়কালে আর সিটি জিতলে দুই দলের মধ্যে ব্যবধান নেমে আসবে ৩ পয়েন্টে।
এই হিসাবের বাইরেও মৌসুমের শেষ দিকের লিগ কাপ, চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ততা, টেবিলের তলানির দলগুলোর মরিয়া হয়ে ওঠা, চোটের থাবা- এমন অনেক সম্ভাব্য কারণ মাথায় রেখে আশাবাদী হয়ে উঠছেন গুয়ার্দিওলা।
“আমরা ৬ পয়েন্ট পিছিয়ে আছি। ঠিকাছে, এটা বড় ব্যবধান, কিন্তু অনেক কিছুই হতে পারে (আগামীতে)। তো ৩ পয়েন্ট পাওয়া তুলনামূলকভাবে ভালো।”
“ছয় পয়েন্ট আর্সেনালের জন্য যথেষ্ট হতে পারে, কিন্তু ১৩ ম্যাচ বাকি থাকা অনেক বড় একটি বিষয় এবং এফএ কাপ আসছে, লিগ কাপের ফাইনাল রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ ফিরবে মার্চে এবং চোট সমস্যা হতে পারে, কে জানে (কত কিছুই তো হতে পারে)।”
বিশেষ করে মৌসুমের শেষে লিগ টেবিলের তলানির দলগুলো অবনমন এড়াতে মরণকামড় দিতে মরিয়া হয়ে ওঠে। অতীত অভিজ্ঞতা থেকে এ প্রসঙ্গও টেনে সিটির সম্ভাবনা দেখালেন গুয়ার্দিওলা।
“অন্য দলগুলো কিছু বিষয়ের জন্যও লড়বে- ইউরোপিয়ান আসরে খেলার শর্ত পূরণ করতে, অবনমন এড়াতে এবং যে দলটি অবনমন এড়ানোর জন্য লড়বে, তার মানে হচ্ছে, টিকে থাকার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করবে এবং এই ম্যাচগুলো কঠিন।”
“তাই, অভিজ্ঞতা থেকে বলছি, এই ১৩ ম্যাচ অনেক সময়। এই সময়টুকু কঠিন, খুব কঠিন, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে, এই সময়টায় টিকে থাকা।”
মৌসুমের বাকি পথচলায় আর্সেনালের কেবল হোঁচট খেলেই চলবে না, সিটিকেও ছুটতে হবে আপন গতিতে। আর্সেনালের বিপক্ষে নিজেদের মাঠে ফিরতে লেগের ম্যাচও আছে। কাঙিক্ষত সাফল্যের হাসিতে লিগ করতে হলে সেখানেও জিততে হবে বলে মনে করেন গুয়ার্দিওলা।
“আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে, আর্সেনালের ঘাড়ে শ্বাস ফেলে যাওয়া। শিরোপা লড়াইয়ে টিকে থাকা এবং তারা যদি পিছলে পড়ে, কোনো ভুল করে, তাহলে সেটার সুযোগ নেওয়ার চেষ্টা করা।”
“নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে ম্যাচ খেলতে হবে। সেখানে অবশ্যই জিততে হবে আমাদের।”
