১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর ১০০

সৌদি প্রো লিগের শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল আল নাসর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 10:58 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

একটি ভলি, একটি হেড। ম্যাচের প্রথম ১০ মিনিটেই জোয়াও ফেলিক্সের দুটি গোল। মনে হচ্ছিল, সহজ জয় ডাকছে আল নাস্‌রকে। কিন্তু পরের সময়টায় লড়াই জমে উঠল তুমুল। ক্রিস্তিয়ানো রোনালদোর মাইলফলক গোলে ব্যবধান বাড়লেও স্বস্তি রইল না বেশিক্ষণ। উত্তেজনাময় শেষ কয়েক মিনিটের পর ফেলিক্সের আরেকটি গোলেই শেষ পর্যন্ত নিশ্চিত হলো পরিষ্কার ব্যবধানের জয়।

সৌদি প্রো লিগে আল শাবাবকে ৪-২ গোলে হারিয়ে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল আল নাস্‌র। 

দারুণ হ্যাটট্রিক করে জয়ের নায়ক ফেলিক্স। তবে রোনালদোর গোল মানেই তার ওপর বাড়তি আলো। এই গোল তার জন্য বিশেষ কিছুও। সৌদি প্রো লিগে ১০০ গোল পূর্ণ হলো মহাতারকার।

এবারের লিগে ২৮ ম্যাচে রোনালদোর গোল হলো ২৬টি, ৩১ ম্যাচে ফেলিক্সের গোল ২০টি।

আল শাবাবের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় আল নাসর। সাদিও মানের ক্রস থেকে জটলার মধ্যে ভলিতে বল জালে জড়ান ফেলিক্স। দশম মিনিটে বক্সের মাথা থেকে আব্দুলরহমান ঘারিবের ক্রসে অনেকটা লাফিয়ে হেডে ব্যবধান বাড়ান পর্তুগিজ এই তারকাই।

আল শাবাব একটি গোল ফিরিয়ে দেয় ৩০তম মিনিটে। এই ব্যবধান টিকে থাকে ৭৪ মিনিট পর্যন্ত।

৭৫তম মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে দুজনের মাঝ থেকে সাদিও মানের বাড়ানো বলে কাছ থেকে বাঁ পায়ের শটে গোল করেন রোনালদো। 

সৌদি লিগে তার শততম গোল এটি, সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাস্‌রের হয়ে তার গোল ১২৭টি। 

মিনিট পাঁচেক পরই আরেকটি গোল করে ম্যাচে আবার উত্তেজনা ফেরায় আল শাবাব। সেই রেশ জিইয়ে থাকে শেষ সময় পর্যন্ত। যোগ করা সময়ের অষ্টম মিনিটে পেনাল্টিতে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের তিন পয়েন্টও নিশ্চিত করেন ফেলিক্স।

এই জয়ে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরেকটু সংহত করল আল নাস্‌র। ৩১ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।

আগামী মঙ্গলবার আল নাস্‌রের মাঠে মুখোমুখি হবে এই দু্ই দল। সেদিনই একরকম নিশ্চিত হয়ে যেতে পারে লিগের শিরোপার ফয়সালা। 

লিগ জিততে পারলে আল নাস্‌রের হয়ে প্রথম বড় ট্রফি জয়ের স্বাদ পাবেন রোনালদো।