১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফের চোটে পড়লেন রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার

মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে যেতে পারেন ফেরলঁদ মঁদি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 05:38 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

চোট যেন পিছু ছাড়ছেন না ফেরলঁদ মঁদির। যে পায়ের সমস্যায় মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে রেয়াল মাদ্রিদের ডিফেন্ডারকে, আবারও সেখানেই আঘাত পেয়েছেন তিনি।

৩০ বছর বয়সী মঁদির ডান পায়ের পেশিতে চোট পাওয়ার কথা নিশ্চিত করেছে রেয়াল মাদ্রিদ। কবে নাগাদ মাঠে ফিরতে পারেন তিনি, সে বিষয়ে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, আরও একবার লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। 

২০১৯ সালে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে একের পর এক চোট আঘাত হানছে মঁদির শরীরে। তাতে দলে নিয়মিত হতে পারছেন না তিনি।

গত বছরের এপ্রিলে মঁদির ডান পায়ে অস্ত্রোপচার করানো হয়। সেই সমস্যা কাটিয়ে উঠে গত নভেম্বরে মাঠে ফেরেন তিনি। এরপরও কয়েক দফায় চোট হানা দেয় তার শরীরে। যে কারণে চলতি মৌসুমে রেয়ালের জার্সিতে স্রেফ নয়টি ম্যাচ খেলতে পেরেছেন এই লেফট-ব্যাক।

গত রোববার এস্পানিওলের বিপক্ষে রেয়াল মাদ্রিদের সবশেষ ম্যাচে ১৪ মিনিট খেলার পর পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন মঁদি। পরীক্ষা-নিরীক্ষায় তার পায়ের পেশিতে চোট ধরা পড়েছে।

এদের মিলিতাও, আর্দা গিলের ও রদ্রিগোর মতো মঁদিকেও হয়তো মৌসুমের বাকি অংশের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এমন হলে স্বাভাবিকভাবেই আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে ক্লাসিকোয় খেলতে পারবেন না তিনি।

২০২৪ সালে ফ্রান্সের হয়ে সবশেষ মাঠে নামেন মঁদি। এবারের বিশ্বকাপে দিদিয়ে দেশমের দলে তার জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।