১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাপোলিতে ‘ব্যাক-আপ’ ভূমিকায় থাকবেন না লুকাকু, এজেন্টের হুঁশিয়ারি

ইতালিয়ান ক্লাবটিতে বেলজিয়ামের রেকর্ড গোলস্কোরারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

নাপোলিতে ‘ব্যাক-আপ’ ভূমিকায় থাকবেন না লুকাকু, এজেন্টের হুঁশিয়ারি
রোমেলু লুকাকু। ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 09:01 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

প্রাক-মৌসুমে পাওয়া পেশির গুরুতর চোটে ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ফুটবলে কেবল ৬৪ মিনিট খেলতে পারেন রোমেলু লুকাকু। নাপোলিতে চুক্তির শেষ বছরে প্রবেশ করছেন বেলজিয়ামের রেকর্ড গোলস্কোরার। সেখানে তার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। তার এজেন্ট ফেদেরিকো পাস্তোরেল্লো ক্লাবকে সতর্ক করে দিয়ে বলেছেন, এই তারকা স্ট্রাইকার কোনো ব্যাক-আপ ভূমিকা গ্রহণ করবেন না।

নাপোলির ক্রীড়া পরিচালক জিওভান্নি মান্না সম্প্রতি বলেছেন, লুকাকু ছুটি থেকে ফেরার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে ক্লাবকে তার সঙ্গে আলোচনা করতে হবে। এই প্রসঙ্গে স্কাই স্পোর্ট ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পাস্তোরেল্লোকে সরাসরি জিজ্ঞেস করা হয় যে, ২০২৬-২৭ মৌসুমের জন্য লুকাকু রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকতে রাজি হবেন কি না। 

তিনি উত্তর দেন, “অবশ্যই না। সে অসাধারণ একজন খেলোয়াড় এবং সে তা প্রমাণও করেছে। সে বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। আমাদের পক্ষে এমন পরিস্থিতি মেনে নেওয়া কঠিন।

“অবশ্যই প্রাথমিকভাবে একটা শুরুর একাদশ হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত মাঠে যা হয়, সেটার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হয়। মান্নার মন্তব্যের পেছনে আর্থিক বিষয়ও থাকতে পারে, যেহেতু দলে দুজন শীর্ষমানের স্ট্রাইকার আছেন।”

৩৩ বছর বয়সী লুকাকুর সম্ভাব্য চুক্তি নবায়ন বা বেতন সমন্বয়ের বিষয়েও বলেন তার এজেন্ট। 

“চুক্তি নবায়নের প্রস্তাবের সঙ্গে বাড়তি খরচের বিষয়ও আছে। এটা শুধু বেতনের বিষয় নয়। রোমেলু তার ক্যারিয়ার জুড়ে যা কিছু অর্জন করেছে, তার কারণেই সে এই স্তরের চুক্তি পাওয়ার দাবিদার।

“গত মৌসুমে পুরোপুরি তার দায় ছিল না। যদি তাকে তার ইচ্ছেমতো অনুশীলন করার সুযোগ দেওয়া হতো, তাহলে সে হয়তো আরও তাড়াতাড়ি ফিরতে পারত এবং বিশ্বকাপে প্রধান ভূমিকা পালন করতে পারত, যা শেষ পর্যন্ত সে করেছেও। রোমেলু এমন ধরনের মানুষ নয় যে, কোনো দলে তার প্রয়োজন না থাকা সত্ত্বেও সে থেকে যায়।”