Published : 28 Jan 2026, 07:21 PM
গত মৌসুমেও যে ক্লাবের জার্সিতে খেলেছেন আলভারো কারেরাস, সেই বেনফিকার মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে সাবেক সতীর্থদের হারিয়ে পূর্ণ পয়েন্ট পেতে মুখিয়ে আছেন রেয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।
ইউরোপ সেরার প্রতিযোগিতার প্রাথমিক পর্বের শেষ রাউন্ডে বুধবার বেনফিকার বিপক্ষে লড়বে রেয়াল। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে মাঠের লড়াই।
বেনফিকা থেকে গত জুলাইয়ে ৬ বছরের চুক্তিতে কারেরাসকে দলে টানে রেয়াল। আগামী ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের সফলতম ক্লাবটিতে থাকবেন ২২ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার।
পর্তুগিজ ক্লাবটি ছাড়ার পর প্রথম মৌসুমেই তাদের বিপক্ষে খেলতে হচ্ছে কারেরাসকে। সেটাও আবার বেশ গুরুত্বপূর্ণ এক ম্যাচে। সাবেক ক্লাবের বিপক্ষে তাদেরই মাঠে খেলতে মুখিয়ে আছেন তিনি। আগের দিন সংবাদ সম্মেলনে বললেন, ম্যাচ জেতা ছাড়া আপাতত কিছুই ভাবছেন না তিনি।
“আমরা জানি, ম্যাচটা তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমাদের জন্যও তাই। দুই দলেরই জয় প্রয়োজন। আবহ নিঃসন্দেহে দারুণ থাকবে, তবে আমরা এখানে এসেছি তিন পয়েন্ট নেওয়ার জন্য। সাম্প্রতিক ম্যাচগুলোতে যেভাবে খেলছি, ঠিক সেভাবেই আমাদের খেলাটা খেলতে হবে—এভাবেই আমরা নিশ্চিতভাবে তিন পয়েন্ট আদায় করতে পারব।”
“আমাদের খেলাটা উপভোগ করতে হবে, বল পায়ে উপভোগ করতে হবে, আমাদের নিজেদের ফুটবল খেলতে হবে। এক পাশ থেকে আরেক পাশে দ্রুত বল ঘোরাতে হবে, কারণ তাতেই জায়গা তৈরি হবে এবং আক্রমণের গভীরতা পাওয়া যাবে।”
রেয়ালের জার্সিতে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ খেলে ফেলেছেন কারেরাস। একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন এই লেফট-ব্যাক।
সাত রাউন্ড শেষে ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে রেয়াল। আসরে বেনফিকার অবস্থা খুবই নাজুক। ৭ ম্যাচে স্রেফ ৬ পয়েন্ট ২৯ নম্বর দলটির। প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে রেয়ালকে হারানো ছাড়া বিকল্প নেই তাদের। সঙ্গে অন্য ম্যাচগুলোর ফলও আসতে হবে তাদের পক্ষে।