১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিডফিল্ডার গাভি কেন জাতীয় দলে, যা বললেন স্পেন কোচ

লুইস দে লা ফুয়েন্তের মতে, গাভি স্রেফ একজন ফুটবলার নন, দলের সকলের জন্য অনুপ্রেরণা।

মিডফিল্ডার গাভি কেন জাতীয় দলে, যা বললেন স্পেন কোচ
স্পেনের অনুশীলন শেষে ভক্তদের সঙ্গে কথা বলছেন তরুণ মিডফিল্ডার গাভি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2026, 08:34 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

মূলত একজন মিডফিল্ডার হলেও, দলের আক্রমণভাগ কিংবা রক্ষণভাগ; সব জায়গাতেই খেলতে দেখে যায় গাভিকে। শুধু ম্যাচেই নয়, অনুশীলনেও সবসময় উদ্যমী থাকেন বার্সেলোনার এই ফুটবলার। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের মতে, গাভি কেবল একজন খেলোয়াড় নন, দলের সবার জন্য অনুপ্রেরণা।

বিশ্বকাপ অভিযান শুরু করার আগে বিশ্বকাপ, নিজের দলসহ আরও অনেক বিষয় নিয়ে এএস-কে বিশাল এক সাক্ষাৎকার দেন দে লা ফুয়েন্তে। সেখানে এক পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়, কোন ভাবনায় গাভিকে দলে রাখেন তিনি। জবাবে বার্সেলোনা মিডফিল্ডারের উচ্ছ্বসিত প্রশংসা করেন স্পেনের ২০২৪ ইউরো জয়ী কোচ।

“সে কীভাবে অনুশীলন করে, সেটা যদি দেখতে পারতেন। সে খুবই উদ্যমী… ফুটবলীয় দিক আর খেলোয়াড়দের ফিটনেসের বাইরেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তা হলো অনুপ্রেরণা। আর এটা মাঝেমধ্যে যেকোনো পরিস্থিতি বদলে দিতে পারে।”

“গাভি খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, কারণ তার মধ্যে এক অসাধারণ প্রাণশক্তি আছে। সে দলের বাকি সতীর্থদের কাছ থেকেও সেরাটা আদায় করে নেয়। কারণ সে নিজেও প্রাণশক্তি, উদ্দীপনা নিয়ে অনুশীলন করে...আর এই জিনিসটা সবার মাঝে ছড়িয়ে পড়ে। এটাই দলের পরিচয় ও সংস্কৃতি ফুটিয়ে তোলে।”

স্পেনের হয়ে গত বিশ্বকাপেও খেলেছেন গাভি। ওই সময়ের ১৮ বছর বয়সী ফুটবলারকে বিশ্ব মঞ্চে দলের খেলা সবগুলো ম্যাচেই শুরুর একাদশে রাখেন তখনকার কোচ লুইস এনরিকে। সেবার শেষ ষোলোতেই থামে ২০১০ সালের চ্যাম্পিয়নদের পথচলা।

দুই বছর পরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এসিএল চোটের কারণে খেলতে পারেননি গাভি। এবার নিজের দ্বিতীয় বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তিনি।

দে লা ফুয়েন্তের মতে, ২১ বছর বয়সী গাভি এমন একজন ফুটবলার, যার উপস্থিতি দলের আবহই বদলে দেয়। 

“এমন অনেক খেলোয়াড় আছে, যারা প্রতিনিয়ত নিজেদের সীমা ছাড়ানোর চেষ্টা করে। আর এটা দলের জন্য দারুণ ইতিবাচক, কারণ তারা উন্নতির চেষ্টা কখনোই থামায় না।”

বাংলাদেশ সময় আগামী সোমবার রাতে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন।