১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘স্বপ্ন দেখে যাওয়ার অধিকার অর্জন করেছে কাতার’

সুইজারল্যান্ডকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেয়ে খুশি কাতারের কোচ হুলেন লোপেতেগি একথা বলেছেন।

‘স্বপ্ন দেখে যাওয়ার অধিকার অর্জন করেছে কাতার’
কাতারের কোচ হুলেন লোপেতেগি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 02:42 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

চার বছর আগে স্বাগতিক হিসেবে প্রথম বিশ্বকাপ খেলা কাতার এবার বাছাই পেরিয়ে বিশ্ব মঞ্চে জায়গা করে নিয়েছে। নিজেদের সামর্থ‍্যের প্রমাণ দিয়েছে তারা প্রথম ম্যাচে সুইজারল্যান্ডকে রুখে দিয়ে। বিশ্বকাপে পয়েন্টের খাতা খুলতে পেরে ভীষণ খুশি হুলেন লোপেতেগি। কাতারের কোচ বলেছেন, স্বপ্ন দেখা চালিয়ে যাওয়ার অধিকার অর্জন করেছেন তারা।

স্যান ফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়ামে শনিবার শক্তিশালী সুইসদের বিপক্ষে ১-১ ড্র করে কাতার। ব্রিল এমবোলোর স্পট কিকে প্রথমার্ধে পিছিয়ে পড়া দলটি। পরে দ্বিতীয়ার্ধের যোগ সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা।

২০২২ সালে ঘরের মাঠের বিশ্বকাপে খেলা তিনটি ম্যাচই হারে কাতার।

টানা দুইবারের এশিয়ান চ্যাম্পিয়নরা এবার বাছাই পর্বের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পায় বিশ্বকাপের টিকেট। বিশ্ব মঞ্চে খেলতে পেরেই তাদের বড় একটি স্বপ্ন পূরণ হয়েছে, বললেন লোপেতেগি। এবার পয়েন্টে মুখ দেখে আরেকটি চাওয়া পূরণ হলো দলটির।

ম্যাচ জুড়ে দ্বিতীয় সেরা দল হয়ে থাকলেও, দলের পারফরম্যান্সে খুশি লোপেতেগি।

“বিশ্বকাপে জায়গা করে নিয়ে, এখানে পা রেখে আমরা একটি স্বপ্ন পূরণ করেছি। আজকে আরেকটি ছোট স্বপ্ন পূরণ হলো। আর এখন আমরা স্বপ্ন দেখে যাওয়ার অধিকার অর্জন করেছি।”

“আমরা বিশ্বাস রেখেছিলাম, কঠোর পরিশ্রম করেছি এবং প্রতিরোধ গড়ে তুলেছি। শেষ পর্যন্ত আমরা পুরস্কার পেয়েছি।”

অন্তিম সময়ে গোলটি না এলেও, খেলোয়াড়দের লড়াকু মানসিকতায় গর্বিত হতেন কাতার কোচ।

“আজ তারা (দল) যে মানসিকতা ও শৃঙ্খলা দেখিয়েছে, তাতে আমি ভীষণ গর্বিত।”