১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেঞ্চের শক্তিতে দারুণ স্বস্তি স্কালোনির

সুইজারল‍্যান্ডের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনা কোচ বলেছেন, প্রয়োজনের সময় হাত বাড়িয়ে দেওয়ার মতো খেলোয়াড় আছে তার বেঞ্চে।

বেঞ্চের শক্তিতে দারুণ স্বস্তি স্কালোনির
সুইজারল‍্যান্ডের বিপক্ষে জয় উদযাপন করেছেন দুই বদলি খেলোয়াড় লাউতারো মার্তিনেস ও নিকোলাস ওতামেন্দি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 04:48 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

হুলিয়ান আলভারেস ও লাউতারে মার্তিনেসকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাচ্ছেন লিওনেল স্কালোনি। সুইজারল্যান্ডের বিপক্ষে বদলি নেমে জালের দেখা পেয়েছেন মার্তিনেস। আর্জেন্টিনা কোচ স্বস্তি নিয়ে বললেন, প্রয়োজনের সময় হাত বাড়িয়ে দেওয়ার মতো খেলোয়াড় আছে তার বেঞ্চে।

কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে, আর্জেন্টিনার হয়ে জালের দেখা পেয়েছেন আলেক্সিস মাক আলিস্তের ও আলভারেসও। 

গ্রুপ পর্ব থেকে শুরু করে, শেষ বত্রিশ ও ষোলো মিলিয়ে, আট ম্যাচে গোল করেছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। সুইজারল্যান্ডের বিপক্ষে জালের দেখা পাননি আটবারের রেকর্ড ব্যালন দ’র জয়ী। তবে, বাকিরা দেখান পথ।

ক্যানসাস সিটির ম্যাচে আর্জেন্টিনা তাদের সেরা ছন্দেও ছিল না। কিন্তু, মাক আলিস্তের, আলভারেস, মার্তিনেসদের নৈপুণ্যে সুইসদের বিপক্ষে ঘাম ঝরানো জয়ে ঠিকই লক্ষ‍্যে পৌঁছেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেমি-ফাইনালে ওঠার পর, বেঞ্চের শক্তি নিয়ে স্বস্তি ফুটে উঠল আর্জেন্টিনা কোচের কণ্ঠে। তার পরিকল্পনার আস্থা খেলোয়াড়দের ধন্যবাদও দিলেন স্কালোনি।

“আমাদের বেঞ্চেও সেই মানের খেলোয়াড় আছে, যারা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে এবং এটা খুবই ভালো একটা ব্যাপার। শেষ পর্যন্ত, আমরা সবসময়ই সমাধান খুঁজে নেই।

“এই খেলোয়াড়দের তাই ধন্যবাদ; কেননা, তারা এই প্রক্রিয়ায় আস্থা রেখেছিল। আমরা একটা সম্মিলিত দল। আমরা ঐক্যবদ্ধ, ভীষণ ঐক্যবদ্ধ। এটাই প্রমাণ করে, ফুটবল একটা কঠিন খেলা।”

ম্যাচের দশম মিনিটে, মেসির কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন মাক আলিস্তের। এই গোলের প্রসঙ্গে টেনে সেট-পিসের উন্নতি নিয়েও কথা বললেন স্কালোনি।

“আলেক্সিস সেরাদের একজন। তো, আমার সব প্রশংসা তার জন্য, কেননা সে ভীষণ পরিশ্রম করেছিল।”

সবার সম্মিলিত পরিশ্রমের ফলও পাচ্ছে আর্জেন্টিনা। এ নিয়ে গত ছয়টি বড় আসরের সবগুলোতে সেমি-ফাইনালে উঠল আলবিসেলেস্তারা। স্কালোনিও অনুভব করছেন গর্ব।

“আমি এটা নিয়ে ভাবিনি, কিন্তু এটা এমন কিছু, যা নিয়ে খুবই গর্বিত হওয়া যায়।”

ফাইনালে ওঠার লড়াইয়ে আটলান্টায়, বাংলাদেশ সময় বুধবার ১টায় (এএম) ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।