২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

হাসিনার অনুশোচনা তো নাই, আবার হুমকি দিচ্ছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 04:30 PM

Updated : 29 Sep 2026, 04:37 PM

ছাত্র-জনতার বিপ্লবের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পরও শেখ হাসিনার মনোভাব নিয়ে প্রশ্ন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, “বিগত সরকার ছিল ফ্যাসিস্ট ও জালেম সরকার। জনগণ তাদের বিতাড়িত করেছে। ওই সরকারের সময়ে গুম, খুন ও শিশু হত্যার মতো ঘটনা ঘটেছে এবং শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। অনুশোচনা তো নাই, আবার হুমকি দিচ্ছে।"

জনগণ সেই রায় কার্যকর করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা হলরুমে চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বকনা গরু বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, “জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরচারের বিদায় হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। এই সরকারকে নিয়ে কোনো ষড়যন্ত্র যাতে সফল না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।”

প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানিকগঞ্জে এসে খাল খনন কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন। প্রান্তিক মানুষের অর্থনৈতিক উন্নয়নে খাল খননের পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতকেও গুরুত্ব দেওয়া হয়েছিল।

তিনি বলেন, “বর্তমান তারেক রহমানের সরকারও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।”

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী অর্ধশতাধিক দরিদ্র পরিবারের মধ্যে বকনা বাছুর বিতরণ করেন।