১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামের মাঠে মরদেহ: ১২ ঘণ্টাতেই রহস্য উন্মোচনের দাবি, গ্রেপ্তার ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বুধবার সকালে একটি মাঠ থেকে উদ্ধার করা হয় স্থানীয় কিতাব আলীর মরদেহ।

গ্রামের মাঠে মরদেহ: ১২ ঘণ্টাতেই রহস্য উন্মোচনের দাবি, গ্রেপ্তার ৩

শুক্রবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2023, 02:39 PM

Updated : 21 Apr 2023, 02:39 PM

চুয়াডাঙ্গায় একজনকে হত্যা করে গ্রামের মাঠে মরদেহ ফেলে রাখার ঘটনায় মামলার ১২ ঘণ্টার মধ্যেই নেপথ্যের ‘সব কিছু’ উদঘাটনের দাবি করেছে পুলিশ।

এই হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। বাহিনীটির দাবি, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুইজন।

গত বুধবার সকালে জেলার দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার করা হয় স্থানীয় কিতাব আলীর মরদেহ। তার দেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ৪৫ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে মাদক কেনাবেচার অভিযোগ ছিল।

শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এসে জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, কিতাবের স্ত্রী রাবেয়া খাতুন মামলা করার ১২ ঘণ্টার মধ্যে দামুড়হুদা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ‘হত্যার রহস্য’ উদঘাটন করে। গ্রেপ্তার করা হয় কাদিপুর গ্রামের মো. জাহাঙ্গীর ও সাইফুল ইসলাম এবং লোকনাথপুর গ্রামের হাফিজুর রহমানকে।

এদের মধ্যে জাহাঙ্গীর ও হাফিজুর বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রিপন আলীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান পুলিশ সুপার।

প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার রাতে কিতাব আলী ও অন্য তিনজন কাদিপুর গ্রামের সেই মাঠে বসে মাদক সেবন করছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। সে সময় তিন আসামি কিতাবের কাছে থাকা হাসুয়া কেড়ে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন।

আদালতে দুইজন ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর বিচারক তিনজনকেই কারাগারে পাঠিয়েছেন বলেও জানান পুলিশ সুপার।