নড়াইলে ‘ডাকাতি ও মাদক ব্যবসার বিরোধে’ যুবককে কুপিয়ে হত্যা
ওসি বলেন, নিহত নুর আরাফাত মোল্লার বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে। যার মধ্যে ছয়টিতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
নড়াইলের নড়াগাতীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ডাকাতির মালামাল ও মাদক ব্যবসা নিয়ে বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেবদুন গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নড়াগাতী থানার ওসি হোসেন আলী।
নিহত নুর আরাফাত মোল্লা (৩৮) ওই গ্রামের মোকিদুল মোল্লার ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, সোমবার রাতে নুর আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের কবির হোসেনের লোকজন। বাড়ির বাইরে গেলে আরাফাতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তারা।
পরে স্থানীয়রা নুর আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস নিশাত তাকে মৃত ঘোষণা করেন।
ওসি হোসেন আলী বলেন, নুর আরাফাত মোল্লা ও কবির হোসেন আগে একসঙ্গে ডাকাতি ও মাদক ব্যবসা করতো। ডাকাতির মালামাল ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি বলেন, নিহত নুর আরাফাত মোল্লার বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে। যার মধ্যে অস্ত্র, ডাকাতি ও মাদকের মামলা উল্লেখযোগ্য। এছাড়াও নিহতের নামে ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।
