হতদরিদ্রের হার শূন্যে নামিয়ে আনার কথা বললেন নতুন সমাজকল্যাণমন্ত্রী
“বঙ্গবন্ধু যে কল্যাণকর রাষ্ট্র করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা যে বৈষম্য দূর করতে চেয়েছেন; তা বাস্তবায়নে কাজ করব,” বলেন দীপু মনি।
দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারের নতুন মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণের পরদিন হতদরিদ্রের হার শূন্যে নামিয়ে আনার কথা বললেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি।
তিনি বলেছেন, “গত ১৫ বছরে হতদরিদ্রের হার ৫ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। সেটাকে শূন্যের কোটায় আনার সর্বোচ্চ চেষ্টা করব। বঙ্গবন্ধু কন্যা যেই স্বপ্ন দেখেছেন; তা বাস্তবায়নে কাজ করব।”
শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচনে বিএনপির অংশ না নেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, “যারা নাশকতা করে, দেশ বিরোধী ধ্বংসাত্মক কার্যকলাপ করে তাদের কোনো দল নেই। এগুলো যারা করে তাদেরকে রাজনৈতিক দল বলা ঠিক না।”
নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ে রোববার অফিস করবেন জানিয়ে সাবেক শিক্ষামন্ত্রী বলেন, “এটা খুব বড় সেক্টর। বঙ্গবন্ধু যে কল্যাণকর রাষ্ট্র করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা যে বৈষম্য দূর করতে চেয়েছিলেন, এটা সেই মন্ত্রণালয়। অতীতের ধারাবাহিকতায় নতুন নতুন পদক্ষেপ নিয়ে কাজ করে যাব।”
চাঁদপুর থেকে পুনরায় নির্বাচিত হওয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দীপু মনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন। একবার নয়, চার বার নির্বাচিত করেছেন।
“এই ভোট ছিল আমার প্রতি আপনাদের আস্থা, ভালোবাসা, দোয়া এবং আশীর্বাদ। আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের এই ঋণ শোধ করার চেষ্টা করব।”
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
