১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

উত্তরবঙ্গের জনপ্রিয় লোকশিল্পী ফারুক ভুঁইয়া মারা গেছেন

‘নীলফামারী একবার বেড়ে যাও’সহ তার জনপ্রিয় অনেক গান উত্তরবঙ্গের মানুষের মুখে মুখে ফেরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 07:25 PM

Updated : 14 Oct 2026, 07:25 PM

‘বাংলাদেশের মাইনষিগিলা তোমাক দেওছো নিমন্ত্রণ, নীলফামারী একবার বেড়ে যাও’- এর মত জনপ্রিয় গানের শিল্পী ও সংগঠক ফারুক ভূঁইয়া আর নেই।

হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

পরিবার জানায়, মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

বুধবার বাদ মাগরিব নীলফামারী কলেজ স্টেশন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পৌর কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত এই শিল্পী নিজ কণ্ঠে জনপ্রিয় গান পরিবেশনের পাশাপাশি সাংস্কৃতিক সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন। দীর্ঘ ২৫ বছর ধরে ‘ফিরোজ সাঁই ও পিলু মমতাজ স্মৃতি সংসদ’-এর মাধ্যমে অসংখ্য গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছেন তিনি।

স্থানীয় শিল্পীরা বলেন, ‘বাংলাদেশের মাইনষিগিলা তোমাক দেওছো নিমন্ত্রণ, নীলফামারী একবার বেড়ে যাও’- গানটি ফারুকের নিজের লেখা। গানটিতে সুর করেছেন খ্যাতিমান ভাওয়াইয়া শিল্পী মহেশ চন্দ্র রায়। ১৯৮৯ সালে বিটিভির অন্তরঙ্গ ম্যাগাজিন অনুষ্ঠানে ফারুক ভূঁইয়ার কণ্ঠে প্রথম গানটি প্রচারিত হয়। সে থেকে এলাকার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে গানটি।

৬ অক্টোবর রাজধানীতে একটি সংগীতানুষ্ঠানে তিনি জীবনের শেষ মঞ্চ পরিবেশনা করেন।