Published : 21 Jun 2023, 04:27 PM
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেওয়ার গোপন কক্ষে এক নারী একাধিকবার প্রবেশ করার অভিযোগে তাকে তিন দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ সাজা দেয় বলে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক শরীফুল আলম জানান ।
সাজাপ্রাপ্ত চল্লিশোর্ধ্ব মোসা. সাবিয়া বেগম তালাইমারী এলাকার বাসিন্দা।
শরীফুল আলম জানান, রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থাপিত সিসি ক্যামেরা মনিটরিংয়ের সময় ওই নারীর ভোটকেন্দ্রের গোপন কক্ষে অযাচিত উপস্থিতি নজরে আসে।
এ কর্মকর্তা বলেন, রাজশাহী সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্রে (মহিলা ভোটকেন্দ্র-তালাইমারী দারুল উলুম আলিম মাদ্রাসা নিচতলা) এ নারী একাধিকবার মহিলা ভোটারদের নিয়ে গোপন কক্ষে প্রবেশ করেন।
তিনি বলেন, “যেটা নির্বাচন কমিশনার সিসি টিভি মনিটরের মাধ্যমে দেখে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের জেল দিয়ে দেওয়া হয়।”
বুধবার সকাল ৮টায় আট লাখ ৩৮ হাজার ভোটারের এ দুই নগরীতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে।
বুধবার সকাল থেকে নির্বাচন ভবন মিলনায়তনে স্থাপিত সিসিটিভি মনিটরিং কন্ট্রোল রুম থেকে সরাসরি ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা ও মো. আলমগীর।