১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে দশ দিন ধরে নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্র

গত ১৯ সেপ্টেম্বর আলাদা আলাদা সময়ে মাদ্রাসা থেকে নিখোঁজ হয় তিন ছাত্র।

হবিগঞ্জে দশ দিন ধরে নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্র

নিখোঁজ তিন মাদ্রাসাছাত্র

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2022, 01:06 AM

Updated : 29 Sep 2022, 01:11 AM

হবিগঞ্জের বাহুবলে নিখোঁজের দশ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি তিন মাদ্রাসা ছাত্রের। ফলে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তাদের স্বজনরা। 

বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, তিন মাদ্রাসা ছাত্রের নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করতে সব ধরণের চেষ্টা অব্যাহত আছে। 

নিখোঁজদের একজনের বয়স ১৩ বছর এবং দুজনের বয়স ১৪ বছর। তারা বাহুবল উপজেলার জামেয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার ছাত্র। 

মাসখানেক আগে কুমিল্লা ও ঢাকার সাত তরুণ নিখোঁজ হয়েছেন; যাদের সন্ধান এখনও মেলেনি। এরা কোনো জঙ্গি গোষ্ঠীর ইন্ধনে ঘর ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর আলাদা আলাদা সময়ে মাদ্রাসা থেকে নিখোঁজ হয় তিন ছাত্র। ঘটনার পরপরই মাদ্রাসার শিক্ষক নিখোঁজদের অভিভাবকদের বিষয়টি জানান। 

কিন্তু অভিভাবকরা নিজ নিজ আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। 

পরে ২২ সেপ্টেম্বর নিখোঁজ তিন কিশোরের দুইজনের বাবা ও এজনের বড় ভাই বাহুবল মডেল থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি [জিডি] করেন। 

এক কিশোরের ভাই জিডিতে বলেন, তার ছোট ভাইসহ তিন জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধান বের করতে বিভিন্ন স্থানে হন্যে হয়ে ঘুরছেন; কিন্তু কোনো সন্ধান পাচ্ছেন না। 

তিনি তার ভাইসহ নিখোঁজ তিন মাদ্রাসা ছাত্রের দ্রুত সন্ধান পেতে পুলিশসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।