১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভাইস চেয়ারম্যানসহ চারজনকে কুপিয়ে জখম, অভিযোগ নৌকার বিরুদ্ধে

কুমিল্লা-৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্ত বলেন, তার কোনো কর্মী এমন কাজ করতে পারেন না।

ভাইস চেয়ারম্যানসহ চারজনকে কুপিয়ে জখম, অভিযোগ নৌকার বিরুদ্ধে

কুমিল্লার চান্দিনায় ভাঙচুর করা প্রাইভেট কার।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 11:06 PM

Updated : 25 Dec 2023, 11:06 PM

কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর সমর্থক চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ চারজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।

এ সময় ভাইস চেয়ারম্যানের প্রাইভেট কারটি ভাঙচুর করে হামলাকারীরা।

সোমবার বিকালে উপজেলার গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী টিটু।

আহতরা হলেন- ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্সী, প্রচার সম্পাদক আবুল খায়ের, বড়করই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মহিউদ্দিন এবং গাড়িচালক মো. ইউসুফ।

আহতদের উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য চিকিৎসক প্রাণ গোপাল দত্ত। 

Image

হামলায় আহত উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সী।

স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম বলেন, “প্রতিনিয়ত আমার নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। সকালে জহিরুল ইসলাম কয়েকজন সহযোগী নিয়ে উপজেলার নবাবপুর ইউনিয়নে ঈগল প্রতীকের পোস্টার বিতরণ করেন।

“ফেরার পথে ১৫ থেকে ২০টি মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে আসা নৌকার সমর্থকরা তাদের প্রাইভেট কারটি ধাওয়া করেন। এক পর্যায়ে প্রাইভেট কারটি গজারিয়া এলাকায় পৌঁছালে প্রথমে সেটি ভাঙচুর করা হয়। পরে হামলাকারীরা তাদেরকে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।”

এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই বলে মন্তব্য করেন ঈগল প্রতীকের এ প্রার্থী।

নৌকার প্রার্থী প্রাণ গোপাল দত্ত সাংবাদিকদের বলেন, “রোববার উপজেলার সুহিলপুরে আমার দুটি নির্বাচনি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। সে সময় তিন কর্মীকে পিটিয়ে আহত করা হয়। আহতরা হাসপাতালে ভর্তি আছে।”

তবে উপজেলা ভাইস চেয়ারম্যানকে কুপিয়ে জখম করার অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের এ প্রার্থী সাংবাদিকদের বলেন, “কারো ওপর হামলা কিংবা আহতের বিষয়টি আমার জানা নেই। আমার নেতাকর্মীরা কারো ওপর এমন হামলা চালাতে পারেন না।”

চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ এখনো অভিযোগ করেনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।