তিন দিন বন্ধ থাকবে বুড়িমারী বন্দর
২০ এপ্রিল থেকে যথারীতি আমদানি-রপ্তানিসহ দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন বলে জানায় বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ।
ভারতে লোকসভা নির্বাচনকে ঘিরে তিন দিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ দুই দেশের পাসপোর্টধারীদের পারাপারও বন্ধ থাকবে।
বুধবার সকাল ৯টা থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানান বন্দরের ইমিগ্রেশন পুলিশের এসআই আহসান হাবিব পলাশ।
এ বিষয়ে সোমবার ভারতের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শামা পারভীন স্বাক্ষরিত একটি চিঠি বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়।
তিনি বলেন, “আজ সকাল ৯টা থেকে ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় কর্তৃপক্ষ তিন দিন বন্দর বন্ধ ঘোষণা করে।”
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান জানান, ভারতে লোকসভা নির্বাচনের আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে বিভিন্ন রাজ্যে সাত দফায় পার্লামেন্টের নিম্নকক্ষের ৫৪৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে কারণে বুড়িমারী স্থল বন্দরে ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত এই তিন দিন আমদানি-রপ্তানি এবং দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন না।
২০ এপ্রিল থেকে যথারীতি আমদানি-রপ্তানিসহ দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন বলে জানান তিনি।
