২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে গরুর রশি খোলা নিয়ে ঝগড়া, পিটুনিতে বৃদ্ধ নিহত

বাড়ির পাশের মাঠে গরু রশি দিয়ে বেঁধে রাখেন বৃদ্ধ শফিউদ্দিন। কিছুক্ষণ পরে তার প্রতিবেশী মোশারেফ ওই গরুর রশিটি খুলে দেন।

বাগেরহাটে গরুর রশি খোলা নিয়ে ঝগড়া, পিটুনিতে বৃদ্ধ নিহত

মোরেলগঞ্জ উপজেলায় গুলিশাখালী গ্রামে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। 

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2023, 01:46 PM

Updated : 28 Dec 2023, 01:46 PM

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গরুর রশি খোলা নিয়ে কথা কাটাকাটির জেরে পিটুনিতে এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। জড়িত থাকার অভিযোগে তার প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন।

নিহত শফিউদ্দিন চাপরাশি (৮০) ওই গ্রামের প্রয়াত তাসেন চাপরাশির ছেলে। এ ঘটনায় আটক মোশারেফ হোসেন তালুকদার  (৫৫) একই গ্রামের শেরজান তালুকদারের ছেলে।

স্থানীয়দের বরাতে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বৃদ্ধ শফিউদ্দিন চাপরাশি বাড়ির পাশের মাঠে তার একটি গরু রশি দিয়ে বেঁধে রাখেন। কিছুক্ষণ পরে তার প্রতিবেশী মোশারেফ তালুকদার ওই গরুর রশিটি খুলে দেন।

“এই নিয়ে বৃদ্ধ শফি উদ্দিনের সঙ্গে মোশারেফের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মোশারেফ ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে ওই বৃদ্ধকে এলোপাথাড়ি পেটালে লাঠির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ওসি শামসুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোশারেফ হোসেন তালুকদারকে আটক করে থানায় নিয়ে এসেছে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বৃদ্ধকে লাঠি দিয়ে পেটানোর কথা স্বীকার করেছেন।”

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।