১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মাদক মামলার রায়ে আসামি খালাস, এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা

৬৭টি ইয়াবা পাওয়ার অভিযোগে নান্নু খানকে আসামি করে মামলা করেছিলেন বরিশালের উজিরপুর মডেল থানায় এসআই শেখ ফরিদ।

মাদক মামলার রায়ে আসামি খালাস, এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা

বরিশাল আদালত চত্বর।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2024, 11:31 PM

Updated : 24 Apr 2024, 11:31 PM

বরিশালে মাদক মামলার বাদী পুলিশের এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 

বুধবার বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক সালমা আক্তার রায়ে আসামিকে খালাস দিয়ে ওই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. সোহেল রানা। 

খালাস পাওয়া আসামি সাইদুর রহমান নান্নু খান উজিরপুর উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামের মৃত তালেব আলী খানের ছেলে। 

মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় পুলিশ নান্নু খানের বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির উঠানে ৬৭টি ইয়াবা পাওয়া গেছে এমন অভিযোগ এনে পরদিন ১ অক্টোবর নান্নু খানকে একমাত্র আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা করেন এসআই শেখ ফরিদ। 

তদন্ত কর্মকর্তা একই থানার এসআই কামাল হোসেন ওই বছরের ৭ ডিসেম্বর নান্নু খানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ৯ জন সাক্ষ্য দেন। 

বেঞ্চ সহকারী সোহেল রানা বলেন, “রায়ে আসমি নান্নুকে খালাস দেওয়া হয়। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মামলা করায় এসআই শেখ ফরিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।” 

ওই আদেশের কপি বরিশাল জেলা পুলিশ সুপার, ডিআইজি ও আইজির কাছে পাঠানো হবে বলে জানান বেঞ্চ সহকারী।