০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে গার্মেন্ট কর্মী হত্যায় যুবক‌কে যাবজ্জীবন

২০১৯ সালে গোয়ালন্দে পোশাক কর্মী হাসনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 04:07 PM

Updated : 07 Oct 2026, 04:07 PM

রাজবাড়ীর গোয়াল‌ন্দ উপজেলায় তৈরি পোশাক কর্মী হাসনা বেগমকে শ্বাসরোধে হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুর রাজ্জাক জানান।

দণ্ডপ্রাপ্ত আলমাস বেপারী (৩৫) উপজেলার পূর্ব উজানচর এলাকার মাহাম বেপারীর ছেলে।

মামলার বরাতে আইনজীবী বলেন, ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সাভারের একটি পোশাক কারখানার অপারেটর হাসনা বেগম কাজ শেষে নিখোঁজ হন। পরদিন সকালে গোয়ালন্দঘাট থানার হাবিল মণ্ডল পাড়ায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. হাসান আলী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, আদালত আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।