ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে: আহসান হাবিব
“আলোচনার জন্য সব দলকে আহ্বান করেছি। অনেক দল আলোচনার জন্য এসেছে। আবার অনেকে আসেনি।”
কমিশন এমন একটি সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন দিতে চায় যা ভবিষ্যত প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।
তিনি বলেছেন, “ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে। বাড়ি থেকে ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোটকেন্দ্রে আসতে পারে তা দেখভাল করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।”
বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সভায় ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা, আনসার, র্যাব, বিজিবিসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচনে সব দল যাতে অংশগ্রহণ করে, সেজন্য কাজ করে যাচ্ছে কমিশন। আমরা আলোচনার জন্য সব দলকে আহ্বান করেছি। অনেক দল আলোচনার জন্য এসেছে। আবার অনেকে আসেনি। আমরা অনানুষ্ঠানিকভাবেও কথা বলেছি। কিন্তু আসছে না।”
