২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাজবাড়ীতে দুদিনের বাংলা উৎসব শুরু

উৎসবে বাংলা ভাষার সঠিক ব্যবহার, শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বানান, চিত্রাঙ্কন ও গণিতসহ ৫০টি প্রতিযোগিতার আয়োজন রয়েছে।

রাজবাড়ীতে দুদিনের বাংলা উৎসব শুরু

শুক্রবার সকালে উৎসব উদ্বোধনের আগে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2023, 06:46 PM

Updated : 27 Jan 2023, 06:46 PM

শুদ্ধ বাংলা ভাষা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাজবাড়ীতে দুদিনব্যাপী বাংলা উৎসব শুরু হয়েছে। 

শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য কাজী কেরামত আলী এবং কথাসাহিত্যক ও সাংবাদিক আনিসুল হক।   

উদ্বোধনের আগে রাজবাড়ী একাডেমির আয়োজনে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। 

রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, প্রতি বছর রাজবাড়ী একাডেমি বাংলা উৎসবের আয়োজন করে থাকে। সাত বছর পেরিয়ে আটে পা রেখেছে বাংলা উৎসব। 

Image

সংসদ সদস্য কাজী কেরামত আলী এবং কথাসাহিত্যক ও সাংবাদিক আনিসুল হক শুক্রবার সকালে উৎসব উদ্বোধন করেন।  

আয়োজকরা জানান, দুদিনের এই উৎসবে বাংলা ভাষার সঠিক ব্যবহার, শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বানান, চিত্রাঙ্কন, গণিত ও দেয়াল পত্রিকাসহ মোট ৫০টি প্রতিযোগিতার আয়োজন রয়েছে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।  

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা প্রমিত বাংলা ব্যবহারে উদ্বুদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন সৈয়দ সিদ্দিকুর রহমান।  

সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষানুরাগী ও সমাজসেবক এনএএম মোমেনুজ্জামান, নাসিম সফি, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার, রাজবাড়ী একাডেমির সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।