১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে মাঠের নির্জনে পড়েছিল কারখানা শ্রমিকের গলাকাটা লাশ

পুলিশ জানায়, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 11:42 PM

Updated : 04 Aug 2023, 11:42 PM

গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার একটি মাঠের নির্জন স্থান থেকে এক কারখানা শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকালে মোগরখাল এলাকা সিএনজি মাঠের নির্জন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান মহানগরীর বাসন থানার ওসি আবু ছিদ্দিক।

পুলিশ জানায়, ৩৯ বছর বয়সি নিহত দুলাল মিয়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চান্দাই গ্রামের মো. জাফর আলীর ছেলে।

তিনি গাজীপুরের মালেকের বাড়ি এলাকার ডিজাইন এক্সপ্রেস লিমিটেড নামের একটি কারখানার পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা ৩টার দিকে ওই স্থানে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে বিকাল ৫টার দিকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। গলা কাটা ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পায় পুলিশ।

ওসি আবু ছিদ্দিক জানান, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।