২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মেহেরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা: উপজেলা চেয়ারম্যান কারাগারে

তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতিও।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 06:42 PM

Updated : 10 Jan 2024, 11:45 PM

নির্বাচন পরবর্তী সহিংসতায় মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়ে আদালত।

সহিংসতার ঘটনায় করা মামলায় বুধবার দুপুরে ১৮ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।

অন্যদের মঞ্জুর হলেও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসের (৭০) জামিন নাকচ হয়ে যায়।

বিচারিক হাকিম জাহিদুর রহমান আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক সৌমেন জানান।

জিয়াউদ্দিন বিশ্বাস মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও।

মামলার নথি থেকে জানা যায়, মেহেরপুর-১ আসনে নৌকার বিজয় উপলক্ষে নির্বাচনের পরদিন মুজিবনগর উপজেলার বাগুয়ান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মেনতার নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ওই আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল।

মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম কামরুল বলেন, “এ সময় জিয়াউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা বাড়ি থেকে বের হয়ে মিছিলে থাকা মেনতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন।”

খবর পেয়ে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনায় পরদিন মঙ্গলবার আলতাফ হোসেন নামে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী বাদী হয়ে জিয়াউদ্দিন বিশ্বাসসহ ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেন বলে জানান মুজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত।

বাদীর অভিযোগ, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র, ইট-পাটকেলসহ লাঠিসোঁটা নিয়ে মিছিলের ওপর হামলা চালায়।

আওয়ামী লীগ কর্মীর করা মামলায় ২৫ আসামির মধ্যে ১৮ জন বুধবার আদালতে আত্মসমর্পন করে জামিন চেয়েছিলেন।

আদালতে আসামিদের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মিয়াজান আলীসহ অনেকে।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষে থেকে জামিনের বিরোধিতা করে শুনানিতে অংশ নেন পিপি পল্লব ভট্টাচার্য্য ও আদালত পুলিশের পরিদর্শক সৌমেন।