১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 04:34 PM

Updated : 10 Oct 2022, 04:34 PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে অ্যাম্বুলেন্সের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারীর প্রাণ গেছে। আহত হয়েছেন আরও দুজন।

সোমবার সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে উপজেলার সরিষাকোল এলাকায় এ দুর্ঘটনা নিহত আজাদুজ্জামান মোল্লা সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী গ্রামের আজিজুল হকের ছেলে।

৪৭ বছর বয়সী আজিজুল সিরাজগঞ্জ পল্লী বিদুৎ সমিতি-২ এ মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে ওসি বদরুল কবির বলেন, আসাদুজ্জামান সিরাজগঞ্জ থেকে মুরগির বাচ্চা নিয়ে অটোরিকশায় করে পাবনার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে দুটি যানবাহন দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আসাদুজ্জামানের মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করে এবং আহত দুজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায় বলে জানান বদরুল।