১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুর-সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, ২৫ লাখ টাকা জরিমানা আদায়

এর মধ্যে শেরপুরে অভিযানে ১৮ লাখ এবং সিরাজগঞ্জে অভিযানে ৭ লাখ টাকা আদায় করা হয়।

শেরপুর-সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, ২৫ লাখ টাকা জরিমানা আদায়

জেলা পরিবেশ অধিদপ্তর জানায়, শেরপুরে ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই চলছে অবৈধভাবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 09:39 PM

Updated : 28 Dec 2022, 09:39 PM

শেরপুর ও সিরাজগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে শেরপুরের শ্রীবরদী এবং সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় ১১টি অবৈধ ইটভাটার এ অভিযান চলে।

এ সময় ভাটাগুলোর মালিকদের থেকে মোট ২৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয় বলে পরিবেশ অধিদপ্তর জানায়।

শেরপুর

জেলার শ্রীবরদীর ইন্দিলপুর এলাকা থেকে অভিযান শুরু করেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ।

এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন।

Image

জেলা পরিবেশ অধিদপ্তর জানায়, শেরপুরে ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই চলছে অবৈধভাবে।

আব্দুল্লাহ আল মাহমুদ জানান, অভিযানে শ্রীবরদী উপজেলার দুটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। একইসঙ্গে মোট ছয়টি ইটভাটা থেকে ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে উপজেলার ফাতেমা ব্রিকসকে ৩ লাখ টাকা, জনতা ব্রিকসকে ২ লাখ, ছাড়পত্র ও নিবন্ধন হালনাগাদ না থাকায় আল আমিন ১ ও ২ ব্রিকসকে ৭ লাখ, একতা ব্রিকসকে ৩ লাখ ও মনিরা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তর জানায়, শেরপুর জেলার ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই চলছে অবৈধভাবে। সম্প্রতি উচ্চ আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়। ওই নির্দেশ মোতাবেক অবৈধ ইটভাটার তালিকা করে বন্ধের কাজ শুরু করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।

ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ।

Image

জেলা পরিবেশ অধিদপ্তর জানায়, শেরপুরে ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই চলছে অবৈধভাবে।

তিনি বলেন, এখানে এসে আমরা যা দেখলাম, তাদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। জেলা প্রশাসকের লাইসেন্স নেই। ইটভাটার আশপাশে এক কিলোমিটারের মধ্যে বসতবাড়ি আছে। এতে জনজীবন বিপর্যস্ত হচ্ছে এবং জনস্বাস্থ্য ঝুঁকি ও হুমকির মুখে পড়েছে। সরকারি বনের কাঠ পড়ানো হচ্ছে। কিন্তু কাঠ পুড়িয়ে ইট তৈরির কোনো সুযোগ নেই। তারা আইন না মেনে এ কাজগুলো করছে।  

সিরাজগঞ্জ

এদিকে, কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইট উৎপাদন, অতিরিক্ত কৃষি জমি ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের তিন উপজেলার পাঁচটি ইটভাটার মালিকের কাছ থেকে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

Image

সিরাজগঞ্জ সদরসহ তিন উপজেলার ভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছিল বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।

বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রবিন শীষ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রাকিবুল হাসান ও উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানের নেতৃত্বে তিনটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।  

রায়গঞ্জ উপজেলার সান ব্রিকসকে ২ লাখ, এসএনবি ব্রিকসকে ২ লাখ, সদর উপজেলার শাহানগাছার সোনালী ব্রিকসকে ১ লাখ, উল্লাপাড়া উপজেলার যমুনা ব্রিকস ১ লাখ ও সুফিয়া ব্রিকসের মালিকের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় হয়েছে বলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।