Published : 08 Apr 2024, 09:36 PM
দেশের বড় ঈদগাহগুলোর অন্যতম দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দান নবমবারের মত ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে।
সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেছেন এবং সুষ্ঠুভাবে ঈদের জামাত অনুষ্ঠানের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন।
গোর-এ-শহীদ মাঠ সংস্কারসহ মিনার রং করা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। নামাজের জন্য কাতার মার্কিং, ওজুখানা স্থাপন করা হয়েছে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, সুষ্ঠুভাবে নামাজ আদায়ের জন্য তাদের সব ধরনের প্রস্তুতি আছে। নিরাপত্তার সকল দিক ও ঝুঁকি বিবেচেনা করে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা প্রনয়ণ করা হয়েছে।
এদিকে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে যারা ঈদ জামাতে অংশ নিতে আসবেন, তাদের যাতায়তের জন্য ঈদের দিন সকালে পার্বতীপুর থেকে দিনাজপুর এবং ঠাকুরগাঁও থেকে দিনাজপুর দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে বলে দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান জানান।
বিকালে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম মাঠ পরিদর্শন করেন এবং ঈদের জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ও পৌর মেয়র তৈয়ব আলী দুলাল উপস্থিত ছিলেন।
দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে স্বাধীনতার আগ থেকে ঈদের জামাত হয়ে এলেও ২০১৬ সালে এখানে নতুন পরিসরে জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ২৩ একর এলাকাজুড়ে ময়দান সম্প্রসারণের পাশাপাশি বিশাল মিনার স্থাপন করা হয়।
৫১৭ ফুট দৈর্ঘে্যর এই ঈদগাঁহের মিনারে আছে ৫২টি গম্বুজ। মূল মিম্বরের উচ্চতা ৫৫ ফুট। বলা হয়ে থাকে, এখানে সাত লাখ মানুষ চাইলে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন।