হিজলা উপজেলা চেয়ারম্যান মারা গেছেন
তার ভাগনে জানান, ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরিশালের হিজলা উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী মারা গেছেন।
সোমবার ভোরে অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তার ভাগনে আনিচুর রহমান জনি জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন গত কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করছিলেন। রোববার দুপুরে জ্বর নিয়ে তিনি ঢাকার ভাড়া বাসায় যান। সেখানে ভোরের দিকে বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুইবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ৭২ বছর বয়সি বেলায়েত হোসেন স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ ছাড়া তিনি বরিশাল-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ নাথের অনুসারী ছিলেন।
ভাগনে জনি আরও জানান, উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালীর প্রথম জানাজা বাদ জোহর উপজেলা চত্বরে ও দ্বিতীয় জানাজা বাদ আসর গুয়াবাড়িয়ায় নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। পরে গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
