১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

রাসপূর্ণিমায় সুন্দরবনের দুবলার চরে যাওয়া যাবে ৫ নৌপথে, মানতে হবে যেসব নিয়ম

বিগত বছরগুলোর মতো এবারও রাসমেলা হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 07:53 PM

Updated : 16 Nov 2026, 07:53 PM

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নানে যাতায়াতের জন্য পাঁচটি নৌপথ ঠিক করেছে বন বিভাগ।

আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিন সেখানে পূজা ও পুণ্যস্নান হবে। তবে এবারও রাসমেলা হচ্ছে না।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বলেন, এবারও শুধু পূজা ও পুণ্যস্নান হবে। রাসমেলা হবে না। শুধু সনাতন ধর্মাবলম্বীরা সেখানে যেতে পারবেন।

তিনি বলেন, ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিন পুণ্যার্থীরা সুন্দরবনে যাওয়ার অনুমতি পাবেন। এ জন্য জাতীয় পরিচয়পত্রের কপি দিয়ে আবেদন করতে হবে। পাঁচটি নৌপথের যেকোনো একটি দিয়ে তারা যাতায়াত করতে পারবেন।

বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকায় এসব পথে যাওয়া যাবে। যাত্রাপথে বন বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও কোস্টগার্ডের টহল দল নিরাপত্তার দায়িত্বে থাকবে।

পাঁচটি নৌপথ-

বন বিভাগের নির্ধারিত প্রথম পথটি হলো বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর।

দ্বিতীয় পথটি কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত দিয়ে দুবলার চর।

তৃতীয় পথ নলিয়ান স্টেশন থেকে শিবসা ও মরজাত নদী হয়ে দুবলার চর।

চতুর্থ পথ ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপের পাশ দিয়ে পশুর নদ হয়ে দুবলার চর।

পঞ্চম পথ বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।

যেসব নিয়ম মানতে হবে-

বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, ২২ নভেম্বর দিনের ভাটার সময় যাত্রা শুরু করতে হবে। নির্ধারিত পথে শুধু দিনের বেলায় চলাচল করা যাবে। বন বিভাগের চেকপোস্ট ছাড়া অন্য কোথাও নৌযান থামানো যাবে না।

সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে একটি টিকিট বা টোকেন দেওয়া হবে। বনে থাকা অবস্থায় সেটি সঙ্গে রাখতে হবে। প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া সনদের মূল কপি দেখাতে হবে।

নৌযান ও পুণ্যস্নানের জায়গায় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নেওয়া বা ব্যবহার করা যাবে না। হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল বা করাতসহ অবৈধ কোনো সরঞ্জাম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরবনে একবার ব্যবহার করে ফেলে দেওয়া যায়, এমন প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ নেওয়া যাবে না। লঞ্চ, ট্রলার, নৌকা ও পুণ্যস্নানের জায়গায় মাইক বাজানো, পটকা ও বাজি ফোটানোও নিষিদ্ধ।

কেন বন্ধ রাসমেলা

দুবলার চরের আলোরকোল সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে অবস্থিত। ২০১৯ সালে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সুন্দরবনে প্রবেশের অনুমতি বন্ধ করে দেয় বন বিভাগ। ফলে ওই বছর রাসমেলা হয়নি। তবে মেলা উদ্‌যাপন কমিটির সদস্যরা সেখানে গিয়ে পূজা ও পুণ্যস্নান করেন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, রাসমেলাকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি সংরক্ষিত বনে অবৈধ কাজ করতেন। বন বিভাগের লোকবল কম থাকায় এসব কাজ বন্ধ করা কঠিন হয়ে পড়ত। এ কারণে ২০২০ সাল থেকে দুবলার চরের রাসমেলা স্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। তবে প্রতি বছর সেখানে রাসপূজা ও পুণ্যস্নান হয়।