২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

খালিয়াজুরীর মানুষ শুধু ভোট দিয়েছে, প্রার্থী পায়নি: আক্ষেপ মোস্তাফা জব্বারের

“আমি সামনে নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় দাঁড়াব, সেজন্য প্রত্যেকেই প্রস্তুতিটা গ্রহণ করবেন।”

খালিয়াজুরীর মানুষ শুধু ভোট দিয়েছে, প্রার্থী পায়নি: আক্ষেপ মোস্তাফা জব্বারের

সোমবার নেত্রকোণার খালিয়াজুরীর রসুলপুর এলাকায় ধনু নদে ফেরি চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2023, 10:00 PM

Updated : 20 Mar 2023, 10:00 PM

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আক্ষেপ করে বলেছেন, হাওর উপজেলা খালিয়াজুরীর মানুষ শুধু অন্যদের ভোট দিয়ে গেছে কিন্তু তারা জাতীয় নির্বাচনে নিজেদের কোনো প্রার্থী পায়নি। 

সোমবার দুপুরে খালিয়াজুরীর রসুলপুর এলাকায় ধনু নদে ছোট-বড় যানবাহন বহনযোগ্য ফেরি চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব তিনি কথা বলেন।

মোস্তাফা জব্বারের পৈত্রিক বাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রাম নেত্রকোণা-৪ আসনে। এই আসনটি খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ উপজেলা নিয়ে। স্বাধীনতার পর থেকে মোহনগঞ্জ ও মদন উপজেলার বাসিন্দা সংসদ সদস্য হলেও খালিয়াজুরী থেকে কেউ হননি। 

খালিয়াজুরীর উন্নয়নে আগের জনপ্রতিনিধিরা অবহেলা করেছেন এমন সমালোচনা করে টেকনোক্র্যাট এই মন্ত্রী বলেন, “স্বাধীনতার পরে দেশ এগিয়ে গেলেও একটি ফেরির অভাবে খালিযাজুরীবাসী সারা দেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রায় বিচ্ছিন্ন ছিল। এটার জন্য কোনো গবেষণা করা লাগে না। সরকারকে দোষ দেই না। সরকারের কাছ থেকে চেয়ে আনতে হবে। 

“এতোদিনেও খালিয়াজুরীর মানুষ নিজেদের প্রার্থী পায়নি জাতীয় নির্বাচনে। শুধু ভোট দিয়েছি আমরা। আর যারা ভোটে জয়ী হয়েছেন তারা নিজেদের এলাকার উন্নয়নে নজর দিয়েছেন।”

মোস্তাফা জব্বার বলেন, “আমরা পিছনে ছিলাম, আজীবন পিছনে থাকবো এইটা মনে কইরেন না কেউ। আমরা পিছন থেকে সামনে যাব, অন্যদের নেতৃত্ব দিব, সেই জায়গাটা অর্জন করার বিষয় রয়েছে। খালিয়াজুরীর প্রতিটি মানুষকে ভাবতে হবে।

“আমাকে কেবল পশ্চাৎপদ, হাওইর‌্যা, ভাইট্যা এই বইলা গালি দেওয়ার দিন নাই। আমি সামনে নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় দাঁড়াব, সেজন্য যা তৈরি করা দরকার প্রত্যেকেই সেই প্রস্তুতিটা গ্রহণ করবেন।”

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, “এই বছর কিংবা আগামী বছর জাতীয় নির্বাচন হবে। আমি বিশ্বাস করি, শেখ হাসিনা বাংলাদেশে উন্নয়নের যে রূপান্তরটা করেছেন সেই গতিটা অব্যাহত রাখার জন্যে আমরা অতীতে যেমন নৌকার সৈনিক হিসেবে কাজ করেছি তেমনি আমরা খালিয়াজুরীবাসী এইবারও একইভাবে নৌকায় ভোট দেব। বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে কাজ করব।” 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, এই ফেরি চালু হওয়ায় খালিয়াজুরীর প্রায় দেড় লাখ মানুষ শিক্ষা, কৃষি, স্বাস্থ্য খাতের সুবিধা ভোগ করতে পারবেন। তাছাড়া এই হাওর উপজেলাবাসীর আর্থ-সামাজিক অবস্থার প্রভূত উন্নয়ন হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নেত্রকোণা সওজের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বানী জব্বার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা।