Published : 21 Jun 2023, 04:33 PM
সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গত কয়েকদিন ধরেই নগরীজুড়ে ছিল ভোটের আমেজ। পাঁচবছর পর আবারও নগর ভবনের প্রধান বেছে নেওয়ার নির্বাচনে উৎসাহের সঙ্গেই ভোট দিয়েছেন সাধারণ ভোটাররা।
সকাল থেকেই নগরীর ভোটকেন্দ্রগুলো মুখর হয়ে ওঠে ভোটারদের পদচারণায়।
এমনকি হাঁটাচলা করতে পারেন না এমন প্রবীণদেরও স্বজনদের সহযোগিতা নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেখা গিয়েছে।
এমনই একজন নগরীর মেজরটিলা এলাকার নূরল ইসলাম (৯০)।
শারীরিকভাবে অসুস্থ এই বৃদ্ধ একা একা হাঁটতে পারেন না। কিন্তু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হারাতে চাননি।
তাই নাতি রাকিবের কোলে চড়ে এসেছেন হয়রত শাহজালাল (র.) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে।
রাকিব বললেন, “ভোটের কথা জানতে পেরে নানা তাকে কেন্দ্রে নিয়ে যেতে বলেন। যেহেতু মেশিনে কীভাবে ভোট দিতে হয় তিনি জানেন না, তাই তার দেখানো প্রতীকে ভোট দিতে তাকে সাহায্য করেছি।”
দক্ষিণ সুরমার হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসুস্থ সেলিম মিয়াকে সঙ্গে নিয়ে এসেছেন স্বজনরা। তিনিও কারো সাহায্য ছাড়া হাঁটতে পারেন না।
দুপুরে দুইজনের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে ঢুকতে দেখা গেল তাকে। সঙ্গে থাকা স্বজনরা জানালেন, অসুস্থ হলেও ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন সেলিম মিয়া। তাই তাকে ধরাধরি করে কেন্দ্রে নেওয়া হয়েছে।
নগরীর ১৯০টি কেন্দ্রে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। এ সিটিতে ভোটার রয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন; সব কেন্দ্রেই এবার ইভিএমে ভোট হয়েছে।
এখানে মোট সাতজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।