২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পুকুর ভরাট করে গরুর খামারের বর্জ্য, লাখ টাকা জরিমানা

একই সঙ্গে নিজ খরচে পুকুর থেকে বর্জ্য অপসারণ এবং ভরাট করা অংশ পুনঃখননের নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 11:08 PM

Updated : 24 Sep 2026, 11:08 PM

চাঁদপুর শহরে পুকুরের অংশবিশেষ ভরাট করে গরুর বর্জ্য ফেলার দায়ে এক খামারিকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে নিজ খরচে পুকুর থেকে বর্জ্য অপসারণ এবং ভরাট করা অংশ পুনঃখননের নির্দেশ দেওয়া হয়েছে।

শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকার বাসিন্দা মো. শাহাদাত হোসেন গাজীকে (৩০) এই জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। এ সময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত কর্তৃপক্ষ জানায়, বর্জ্যের কারণে পুকুরের পানি কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। এ ছাড়া বর্জ্য দিয়ে পুকুরের অংশ ভরাট করায় স্থানীয় বাসিন্দাদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে দুর্ভোগ তৈরি হয়। তারা পুকুরের ঘাট ব্যবহার করতে অসুবিধায় পড়ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ঙ) ধারা লঙ্ঘন করে পুকুর ভরাট করা হচ্ছিল।