২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাগর পথে ইনানী-সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ

কর্ণফুলি জাহাজ কর্তৃপক্ষ জানায়, সেন্ট মার্টিনে আসা ও যাওয়ার ক্ষেত্রে টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮০০ টাকা থেকে ৩২০০ টাকা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2023, 07:24 PM

Updated : 03 Jan 2024, 02:52 PM

সাগর পথে প্রথমবারের মত কক্সবাজারের ইনানী-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

রোববার সকাল ৯টায় উদ্বোধনের মধ্য দিয়ে ইনানীতে নতুন নির্মিত বাংলাদেশ নৌবাহিনীর জেটি ঘাট থেকে সমুদ্র পথে পর্যটকবাহী জাহাজ ‘এমভি কর্ণফুলি এক্সপ্রেস’ সেন্ট মার্টিনে উদ্দেশে ছেড়ে গেছে।

এখন থেকে ওই পথে নিয়মিত চলাচল করবে বলে জানিয়েছেন জাহাজটির কক্সবাজার কার্যালয়ের ইনচার্জ হোসাইন ইসলাম বাহাদুর। 

তিনি বলেন, প্রতি বছরই টেকনাফ-সেন্ট মার্টিন, চট্টগ্রাম-সেন্ট মার্টিন ও কক্সবাজার শহর-সেন্ট মার্টিনে জাহাজ চলাচল করে আসছে। এর মধ্যে ‘এমভি কর্ণফুলি এক্সপ্রেস’ শহরের বাঁকখালী নদীর ঘাট থেকে চলাচল করলেও এ বছর তা শুরু করা যায়নি।

“সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে সব প্রকার অনুমতি গ্রহণ করে এই জাহাজ ইনানীর নৌবাহিনীর জেটি থেকে সাগর পথে সেন্ট মার্টিনে চলাচল করছে। এর মধ্য দিয়ে পর্যটনের নতুন একটি দ্বার উন্মোচন হচ্ছে।”

হোসাইনুল ইসলাম আরও বলেন, সকালে জাহাজটি প্রথমবারের মত ইনানী থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে রওয়ানা হয়। এটি দুপুর সাড়ে ১২টা নাগাদ সেন্ট মার্টিনে গিয়ে পৌঁছে। আর বিকাল ৩টায় সেন্ট মার্টিন থেকে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে ইনানী জেটিতে পৌঁছায়।

কর্ণফুলী জাহাজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ রশিদ বলেন, এই জাহাজটি ৭৫০ জন ধারণক্ষমতা সম্পন্ন। জাহাজটিতে সেন্ট মার্টিন দ্বীপে আসা ও যাওয়ার ক্ষেত্রে টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮০০ টাকা থেকে ৩২০০ টাকা।

পর্যটনের এ উদ্যোক্তা বলেন, পর্যটকরা মেরিন ড্রাইভ হয়ে সমুদ্র উপভোগ করে সকালেই সমুদ্র পথে যাত্রা করবেন প্রবাল দ্বীপে। সাগরের সৌন্দর্য উপভোগ করবেন। ফেরার সময় উপভোগ করতে পারবেন সূর্যাস্তের দৃশ্য। যা পর্যটকদের আলাদা আনন্দ দেবে।

আর এটা দিয়ে সেন্ট মার্টিন যাত্রা ভিন্নরূপে পর্যটকরা উপভোগ করবেন বলে জানিয়েছেন কর্ণফুলী জাহাজের এমডি রশিদ। 

২০২২ সালের ডিসেম্বর আন্তর্জাতিক নৌ মহড়া প্রদর্শনের জন্য ইনানী সৈকতে নৌবাহিনী এই জেটি নির্মাণ করেন। এই আন্তর্জাতিক মহড়ায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমুদ্র নিরাপত্তার জন্য নৌ বাহিনীর অধীনে ইনানীর এই জেটিটি পরিচালিত হয়ে আসছে।