বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০
এসআই বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, বৃষ্টি হওয়ায় সড়কটি পিচ্ছিল ছিল।“
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর অংশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাচ্চর ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর হাইওয়ে থানার এসআই আব্দুলাহ আল বাকী জানান।
যাত্রীদের বরাতে পুলিশ জানিয়েছেন, আনন্দ পরিবহনের বাসটি ঢাকা থেকে শিবচরের শেখপুরে যাচ্ছিল। বাসটি বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এ সময় আহত হয় ১০ যাত্রী। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
এসআই বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, বৃষ্টি হওয়ায় সড়কটি পিচ্ছিল ছিল। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি পুলিশের হেফাজতে আছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“
