Published : 24 Apr 2023, 11:19 PM
কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ১০ হাজার মানুষকে মেজবান খাইয়েছেন।
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় উপলক্ষ্যে রোববার দুপুরে চেয়ারম্যানের গ্রামের বাড়ি বরকামতা ইউনিয়নের নবিয়াবাদে এই মেজবান আয়োজন করা হয়।
এতে ১০ হাজারের বেশি মানুষ দুপুরে খাবারে খেয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. আবুল কালাম আজাদের ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন হয়।
উপজেলার সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার মুকুল জানান, আট হাজার মুসলিম ও দুই হাজার অন্য ধর্মাবলম্বীর জন্য এই মেজবানের আয়োজন করেন উপজেলা চেয়ারম্যান আজাদ। এর আগেও তিনি নিজ বাড়িতে একাধিক মেজবান খাওয়ানোর অনুষ্ঠান করেছেন।
“এবার পুরান ঢাকার স্বনামধন্য বাবুর্চি নুরুল আজিম মেজবান রান্না করেছেন। তার রান্নার স্বাদ নিতে মানুষ মেজবান, বিয়েসহ যেকোনো অনুষ্ঠানে ছুটে যান।”
এ বিষয়ে বাবুর্চি নুরুল আজিম বলেন, তিনি ১০ হাজার লোকের মেজবান রান্না করেছিলেন। এ জন্য ১৯টি গরু ও প্রায় ৫০০ কেজি মুরগি কেনা হয়। রোববার বেলা ১১টা থেকে মেজবান খাওয়ানো শুরু হয়; তা চলে রাত ৯টা পর্যন্ত।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ জলিল চৌধুরী বলেন, ঈদ পরবর্তী নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়েছে। উপজেলা ও জেলা আওয়ামী লীগ এবং দলের অঙ্গসংগঠনের নেতারাও অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা–ইউএনও নিগার সুলতানা, থানার ওসি কমল কৃষ্ণ ধর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মতিন মুন্সি, শেখ আব্দুল আউয়াল, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন সরকার, চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বকসি, কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর যুবলীগ আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহিদ, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ কে এম শফিকুল আলম কামাল, সদস্য কালিপদ মজুমদার, সদস্য মো. আলমগীর কবির, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মাস্টার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মোখলেছুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল।