০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্যান খুলে পড়ে আহত চিকিৎসক

“হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বিষয়গুলো জানানো হয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 04:02 PM

Updated : 01 Oct 2026, 04:25 PM

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক পাখা খুলে এক নারী চিকিৎসকের কাঁধের ওপর পড়েছে। এতে তিনি আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি রেস্টরুমে এ দুর্ঘটনা ঘটে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মামুনুর রশিদ পলাশ জানিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চিকিৎসক ফৌজিয়া হাসপাতালের রেস্টরুমে বসে ছিলেন। হঠাৎ সিলিং ফ্যানটি খুলে তার কাঁধের ওপর পড়ে। অল্পের জন্য ফ্যানটি তার মাথায় পড়েনি।

এদিকে এ ঘটনার পর হাসপাতালের চিকিৎসক-কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ অবকাঠামো ও সরঞ্জাম রয়েছে। এসব দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আহত চিকিৎসক ফৌজিয়া মোস্তফা বলেন, “রেস্টরুমে থাকা অবস্থায় হঠাৎ বৈদ্যুতিক পাখা খুলে আমার ওপর পড়ে। ভাগ্য ভালো, পাখাটি মাথায় না পড়ে কাঁধের ওপর পড়েছে। এতে আমি আহত হয়েছি।”

এ ধরনের এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে হাসপাতালের ঝুঁকিপূর্ণ সরঞ্জামগুলো দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রণের আহ্বান জানান তিনি।

আরএমও মামুনুর রশিদ পলাশের অভিযোগ, “হাসপাতালের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ সরঞ্জাম ও অবকাঠামোর বিষয়গুলো ‘হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে’ জানানো হয়েছে। এরপরও স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডসহ বিভিন্ন জায়গায় থাকা ঝুঁকিপূর্ণ সরঞ্জামের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”