১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া বন্দরের অবকাঠামোসহ কার্যক্রম দেখতে এল এসকাপ প্রতিনিধি দল

“বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের মধ্যে সড়কসহ অন্যান্য পথে যে কানেক্টিভিটি রয়েছে সেটা দেখতেই প্রতিনিধি দলটির এই সফর।”

আখাউড়া বন্দরের অবকাঠামোসহ কার্যক্রম দেখতে এল এসকাপ প্রতিনিধি দল

আখাউড়া স্থলবন্দরের অবকাঠামো ও বাণিজ্যিক কার্মক্রম পরিদর্শন করেছে জাতিসংঘের এসকাপের একটি প্রতিনিধি দল।

amrito.shil amrito.shil

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 07:53 PM

Updated : 25 Jul 2023, 07:53 PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের অবকাঠামো ও বাণিজ্যিক কার্মক্রম পরিদর্শন করেছে জাতিসংঘের  অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এসকাপের একটি প্রতিনিধি দল। 

মঙ্গলবার সকালে ১০ সদস্যের প্রতিনিধি দলটি আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসে বলে জানিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ। 

এরপর বন্দর, কাস্টমস এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে দলটি। বৈঠকে বন্দরের অবকাঠামোগত দুর্বলতা এবং বাণিজ্য প্রতিবন্ধকতার মতো কিছু বিষয় উঠে আসে।

জাতিসংঘের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন এসকাপের দিল্লি মিশনের প্রধান মিকিকো তানাকা এবং বাংলাদেশের পক্ষে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আরিফুর রহমান।

বিমসটেকের গবেষণা পরিচালক মাহফুজ কবিরও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের মধ্যে সড়কসহ অন্যান্য পথে যে কানেক্টিভিটি রয়েছে সেটা দেখতেই প্রতিনিধি দলটির এই সফর।

“সফরের আরেকটি উদ্দেশ্য হলো আখাউড়া স্থলবন্দর দিয়ে কীভাবে ব্যবসা-বানিজ্য বাড়ানো যায় তার উপায় খুঁজে বের করা।”

প্রতিনিধি দলটির সদস্যরা বন্দরের অবকাঠামোসহ অন্যান্য বিষয় পরিদর্শন করে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের কাছে প্রতিবেদন দেবে বলে জানান মাহফুজ কবির। সেখানে অবকাঠামোগত দুর্বলতাসহ অন্যান্য বিষয় তুলে ধরা হবে।

“এরপর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে সরকারগুলো। এর ফলে বানিজ্যের প্রতিবন্ধকতা দূর হবে।”

বৈঠক শেষে এসকাপের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস অ্যান্ড লজিস্টিকস বিভাগের প্রধান আজহার জাইমুরজিনা ডাক্রেস্ট সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের বাণিজ্য ত্বরান্বিত করতে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে কীভাবে এর উন্নয়ন করা যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সেই আলোচনার উদ্দেশ্যেই এই পরিদর্শন।”