Published : 14 Jul 2023, 08:29 PM
সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার মধ্যেই কক্সবাজারের টেকনাফ উপজেলায় জেলেদের জালে ‘কালো পোপা’ নামের একটি বড় আকারের মাছ ধরা পড়েছে। জেলেরা ৩০ কেজির মাছটির দাম হাঁকাচ্ছেন প্রায় ৮ লাখ টাকা।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়নের হাবিবপাড়ার বাসিন্দা সৈয়দ আহমদের জালে মাছটি ধরা পড়ে বলে সাবরাং বাহারছড়া ঘাটের ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি নুরুল আমিন জানান।
দুপুর সাড়ে ১২টার দিকে সাগর থেকে ট্রলার নিয়ে সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাটে পৌঁছালে মাছটি দেখতে মানুষ ভিড় করেন।
জানা গেছে, ‘কালো পোপা’ মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায়। বিভিন্ন দেশে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এর বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Mycteroperca bonaci)।
ট্রলারের মাঝি মোহাম্মদ উল্লাহ বলেন, “সকালে বাহারছড়া থেকে পাঁচজন মাঝি-মাল্লাসহ সৈয়দ আহমদের ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের দিকে রওনা করি। এরইমধ্যে বারো বাইন নামের এলাকায় জেলেরা জাল ফেলেন। সকাল সাড়ে ১০টার দিকে জালে বিভিন্ন প্রজাতির মাছসহ একটি বড় কালো পোপা মাছ আটকা পড়ে। জেলেরাও খুব খুশি।”
ট্রলারের মালিক সৈয়দ আহমদ বলেন, “আবদুর রহমান ও মোহাম্মদ ফারুক নামের দুজন ব্যবসায়ী মাছটির দাম ৪ লাখ টাকা পর্যন্ত বলেছেন। বেশি দামের আশায় মাছটি কক্সবাজার বা চট্টগ্রামে পাঠানোর কথা চিন্তা করা হচ্ছে।”
নিষেধাজ্ঞার মধ্যে সাগরে মাছ ধরতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম মোবাইল ফোনে বলেন, তিনি পারিবারিক কাজে ঢাকায় অবস্থান করছেন। নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ নৌযান সাগর থেকে নিরাপদ স্থানে তুলে রাখা হয়েছে।
তবে ৩০ কেজির পোপা মাছ ধরা পড়ার খবরটি শোনার কথা জানান তিনি।
এ বিষয়ে জানতে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।